কনটেইনারে পাওয়া গেছে বালুমাটি!
কনটেইনারে আসার কথা পোশাক কারখানার কাঁচামাল ‘কস্টিক সোডা’। কিন্তু তা খুলে পাওয়া গেছে বালুমাটির বস্তা। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে ইয়াং ওয়ান গ্রুপের আমদানি করা চালান খুলে এমন চিত্র দেখতে পান রাজস্ব কর্মকর্তারা।রাজস্ব কর্মকর্তারা জানান, ইয়াং ওয়ান গ্রুপ চীনের একটি প্রতিষ্ঠান থেকে ১১ হাজার ২৫০ ডলার মূল্যের এক কনটেইনার কস্টিক সোডা আমদানি করে। ১৬ অক্টোবর চট্টগ্রাম বন্দরে কনটেইনারটি স্ক্যানিং করে বালুমাটি থাকার বিষয়টি আঁচ করে পণ্যের খালাস প্রক্রিয়া স্থগিত করে শুল্ক কর্তৃপক্ষ। গতকাল রোববার কারখানা চত্বরে ২০ ফুট দীর্ঘ কনটেইনারটি খুলে বালুমাটিভর্তি ৯০৮টি বস্তা দেখতে পান রাজস্ব কর্মকর্তারা। এ বিষয়ে ইয়ং ওয়ান গ্রুপের ইউনিট ব্যবস্থাপক মো. নিজাম উদ্দিন বলেন, ‘চীনের রপ্তানিকারক প্রতিষ্ঠানটি আমাদের সঙ্গে প্রতারণা করে কস্টিক সোডার পরিবর্তে বালুমাটি পাঠিয়েছে। রপ্তানিকারকের জালিয়াতির কারণে আমাদের কারখানায় উৎপাদনও বাধাগ্রস্ত হচ্ছে। কাপড় রং করার কাঁচামাল হিসেবে কস্টিক সোডা আমদানি করেছি। এখন নতুন চালান না আসা পর্যন্ত উৎপাদন বাধাগ্রস্ত হবে।’এ বিষয়ে কাস্টম হাউসের ইপিজেড শাখার রাজস্ব কর্মকর্তা আবদুস সালাম বলেন, বালুমাটি পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হবে। এরপর শুল্ক আইন অনুযায়ী আমদানিকারককে কারণ দর্শানোর নোটিশ জারিসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।