কনটেইনারে ১২ দিন আটকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি খালি কনটেইনার ট্রেইলারে (কনটেইনারবাহী গাড়ি) তোলার সময় হঠাৎ ভেতর থেকে শব্দ শোনা গেল। কনটেইনারটি তোলার কাজে ব্যস্ত শ্রমিকেরা প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরে স্পষ্টতই বুঝতে পারলেন এই শব্দ নিশ্চয়ই বাঁচার আকুতি জানানো কোনো মানুষের। পরে কনটেইনার খুলে জীবন্ত মানুষের দেখা পাওয়া গেল।
১২ দিন ধরে এই মানুষটি কনটেইনারের ভেতরে ছিলেন। গত বুধবার ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপট্টনম বন্দরের একটি টার্মিনাল থেকে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। উদ্ধার করা মানুষটি বাংলাদেশের একজন শ্রমিক। ভারতের পুলিশ বলছে, তাঁর নাম রোহান হোসেন। তাঁকে নিয়ে ভারতের দ্য হিন্দু, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসসহ বেশ কয়েকটি গণমাধ্যমের অনলাইন সংস্করণে গতকাল প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
যে কনটেইনার থেকে রোহানকে উদ্ধার করা হয়েছে, সে কনটেইনারটি চট্টগ্রাম বন্দর থেকে ভারত গেছে। গত ৭ অক্টোবর বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের ২ নম্বর জেটি থেকে বিশাখাপট্টনম বন্দরের উদ্দেশে ছেড়ে যায় কনটেইনারবাহী জাহাজ এমভি সিনার বাটাম।
গত বছরের ২৬ মার্চ মংলা বন্দরে একটি খালি কনটেইনার থেকে আবু তাহের নামের এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। এই কনটেইনারটিও চট্টগ্রাম বন্দর থেকে মংলা বন্দরে পাঠানো হয়েছিল। এর আগে ২০১১ সালের ১০ এপ্রিল সিঙ্গাপুর বন্দরের একটি টার্মিনালে খালি কনটেইনার থেকে দুই বাংলাদেশি শ্রমিককে উদ্ধার করা হয়। তাঁদের একজন ছিলেন মৃত। এই কনটেইনারটিও চট্টগ্রাম বন্দর থেকে পাঠানো হয়েছিল।
বিশাখাপট্টনম বন্দরে খালি কনটেইনার থেকে বাংলাদেশি শ্রমিককে উদ্ধারের বিষয়ে চট্টগ্রাম বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম প্রথম আলোকে বলেন, তাঁরা বিষয়টির খোঁজ নিচ্ছেন।
এদিকে উদ্ধারের পর বিশাখাপট্টনম বন্দরের কর্মকর্তারা রোহানকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে। পুলিশ হেফাজতে তাঁর চিকিৎসা চলছে।
ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপট্টনমের ওয়ান টাউন পুলিশ স্টেশনে গতকাল বিকেলে মুঠোফোনে যোগাযোগ করে প্রথম আলো। স্টেশনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রোহানের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। কীভাবে তিনি কনটেইনারের ভেতরে ঢুকেছেন, সুস্থ হওয়ার পর এ নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, যে কনটেইনারটিতে করে রোহান ভারতে গেছেন সেটি ইপিজেড এলাকার বেসরকারি কনটেইনার ডিপো কিউএনএস কনটেইনার সার্ভিসেস লিমিটেড থেকে এসেছে।
কিউএনএস কনটেইনার সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান নুরুল কাইয়ুম খান গতকাল প্রথম আলোকে বলেন, ডিপো থেকে কোনো খালি কনটেইনার বন্দরে ঢোকার সময় কনটেইনারের দরজা খোলা রাখা বাধ্যতামূলক। বন্দর ফটকে খালি কনটেইনার যাচাই-বাছাই করা হয়। ফলে ডিপো থেকে কনটেইনারে লুকিয়ে কারও পক্ষে বন্দরে ঢোকা সম্ভব নয়।
কনটেইনারটি বন্দর চত্বর থেকে জাহাজে তোলার দায়িত্বে ছিল বন্দরে নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেডের। প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা তানভীর হোসেন প্রথম আলোকে বলেন, খালি কনটেইনার জাহাজে তোলার আগে দরজা খুলে দেখা হয়। ফলে জাহাজে তোলার আগে কারও লুকিয়ে থাকার সুযোগ নেই। তবে খালি কনটেইনারের দরজা তালাবদ্ধ থাকে না, শুধু আটকানো থাকে। ফলে জাহাজেও যে কেউ কনটেইনারে ভেতরে ঢুকে পড়তে পারে।
বন্দর সূত্র জানায়, সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক মেডিটারিয়েন শিপিং কোম্পানি এই কনটেইনারটির মালিক। এ কোম্পানির স্থানীয় প্রতিনিধি মার্কু শিপিং কোম্পানি বিডি লিমিটেড।
প্রতিষ্ঠানটির জে৵ষ্ঠ মহাব্যবস্থাপক বোরহান উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, বিশাখাপট্টনম থেকে বিষয়টি তাঁদের জানানো হয়েছে।