কনটেইনারের তেজস্ক্রিয় পণ্য সরাতে তিন দেশের ২৩ বিজ্ঞানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরে কনটেইনার থেকে তেজস্ক্রিয়তাযুক্ত পণ্য অপসারণ করতে গতকাল প্রাথমিক কাজ শুরু করেন দেশি-বিদেশি বিজ্ঞানীরা। গতকাল বেলা ১১টার দিকে তোলা ছবি l প্রথম আলো
চট্টগ্রাম বন্দরে কনটেইনার থেকে তেজস্ক্রিয়তাযুক্ত পণ্য অপসারণ করতে গতকাল প্রাথমিক কাজ শুরু করেন দেশি-বিদেশি বিজ্ঞানীরা। গতকাল বেলা ১১টার দিকে তোলা ছবি l প্রথম আলো

কনটেইনারের ভেতর থেকে তেজস্ক্রিয়তার দূষণযুক্ত পণ্য অপসারণ করতে চট্টগ্রাম বন্দরে কাজ শুরু করেছেন যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা ও বাংলাদেশের ২৩ জন বিজ্ঞানী। গতকাল মঙ্গলবার বন্দর চত্বরে তেজস্ক্রিয়তার দূষণযুক্ত কনটেইনারটির পাশে অনুশীলন করেন তাঁরা। আজ বুধবার কনটেইনারটি খুলে তেজস্ক্রিয় পদার্থ অপসারণ এবং নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ করা হবে।
চট্টগ্রাম বন্দর থেকে ভারতে রপ্তানির পথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে গত বছরের ২৯ এপ্রিল এই পণ্যে উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা শনাক্ত হয়। এর পরই কনটেইনারটি চট্টগ্রামে ফেরত পাঠানো হয়। চট্টগ্রামে পরমাণু শক্তি কমিশনের পরীক্ষায়ও তেজস্ক্রিয়তা শনাক্ত হয়। কনটেইনারটিতে ১৯ টন পুরোনো ইস্পাতের তৈরি পণ্য আছে।
কনটেইনার তেজস্ক্রিয়তামুক্ত করতে যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া হয়। তবে এ কাজ ব্যয়বহুল হওয়ায় চট্টগ্রাম বন্দরে মেগাপোর্টস প্রকল্পের একটি প্রশিক্ষণ কর্মসূচির সঙ্গে এই কনটেইনার থেকে তেজস্ক্রিয় পদার্থ উদ্ধারের পরিকল্পনা করা হয়।
পরিকল্পনার অংশ হিসেবে গতকাল বন্দর চত্বরে প্রাথমিক কাজ শুরু হয়। গতকাল সেখানে গিয়ে দেখা যায়, বিজ্ঞানীরা কনটেইনারটির ঠিক কোন অংশে তেজস্ক্রিয় পদার্থ আছে তা যন্ত্রের মাধ্যমে শনাক্ত করছেন। এ ছাড়া তেজস্ক্রিয় পদার্থ কীভাবে অপসারণ করা হবে, সেই মূল কাজের জন্য প্রাথমিক অনুশীলন করছেন।
তেজস্ক্রিয় পদার্থ উদ্ধার ও সংরক্ষণকাজে অংশ নেওয়া ২৩ জন বিজ্ঞানীর মধ্যে বাংলাদেশের ১১ জন বিজ্ঞানী আছেন।
ঘটনাস্থলে পরমাণু শক্তি কমিশন চট্টগ্রাম কেন্দ্রের পরিচালক বিজ্ঞানী মাসুদ কামাল প্রথম আলোকে বলেন, ‘মূল কাজ শুরুর আগে আজ (গতকাল মঙ্গলবার) মহড়া হয়েছে। বিজ্ঞানীরা কনটেইনার খুলে তেজস্ক্রিয় পদার্থ উদ্ধার করে নিরাপদে সংরক্ষণ করবেন। এ জন্য দেশীয় যন্ত্রপাতির পাশাপাশি যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যন্ত্রপাতি আনা হয়েছে।’
শ্রীলঙ্কার পরমাণু শক্তি কর্তৃপক্ষের পরীক্ষায় কনটেইনারটিতে তেজস্ক্রিয়তার মাত্রা পাওয়া গেছে প্রতি ঘণ্টায় আট মাইক্রোসিয়েভার্টস। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরীক্ষায় এই মাত্রা পাওয়া যায় প্রতি ঘণ্টায় ১০ মাইক্রোসিয়েভার্টস। কনটেইনারের পেছনের দিকে বাঁ পাশে সর্বোচ্চ মাত্রার তেজস্ক্রিয়তা শনাক্ত হয়।
সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে কোনো বিপজ্জনক পণ্য যাতে বন্দর দিয়ে আনা-নেওয়া করতে না পারে, সে জন্য যুক্তরাষ্ট্রের অর্থায়নে পারমাণবিক ও তেজস্ক্রিয়তা শনাক্তকরণের যন্ত্র চট্টগ্রাম বন্দরে স্থাপন করা হয়েছে ২০১১ সালে। রপ্তানি পণ্যবাহী কনটেইনারটি গত বছরের এপ্রিলে চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর গেট দিয়ে জাহাজে তুলে দেওয়া হয়। তবে সে সময় বন্দরের ৪ নম্বর গেটের পাশে স্থাপিত এই যন্ত্রটি চালু ছিল না। ফলে শুরুতে চট্টগ্রামে তেজস্ক্রিয়তা শনাক্ত হয়নি।
তেজস্ক্রিয় পদার্থ উদ্ধারে বিজ্ঞানীদের দলে নেতৃত্ব দিচ্ছেন মেগাপোর্টস প্রকল্পের বাংলাদেশের সাসটেইনেবিলিটি ম্যানেজার মাইক টিনকার। গতকাল অনুশীলনকাজের সময় চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) জাফর আলম, পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল আলমগীর কবীরসহ বন্দর ও কাস্টমস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেগাপোর্ট প্রকল্পের ইনচার্জ কাস্টমসের সহকারী কমিশনার আহমেদুর রেজা চৌধুরী বলেন, ‘দেশে এ ধরনের তেজস্ক্রিয় পদার্থ নিরাপদ অপসারণ এবং সংরক্ষণে প্রয়োজনীয় সুবিধা নেই। তাই যুক্তরাষ্ট্রের এনার্জি বিভাগের সহায়তা চাওয়া হয়। এখন প্রশিক্ষণের অংশ হিসেবে তেজস্ক্রিয়তামুক্ত করার কাজে আমাদের বিজ্ঞানীরা থাকছেন। ফলে ভবিষ্যতে এ ধরনের ঘটনায় আমরা নিজেরাই উদ্যোগ নিতে পারব।’
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর প্রথম আলোর প্রথম পাতায় ‘বন্দরে রপ্তানি করা পণ্যে উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা’ শিরোনামে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।