কনটেইনারের নিচে চাপা পড়ল বিদ্যুৎ রাজস্ব...
২০০৬ সালের ডিসেম্বরে আপেলভর্তি ৪০ ফুট দীর্ঘ একটি হিমায়িত কনটেইনার নামানো হয় চট্টগ্রাম বন্দরে। বন্দরের ‘চিটাগাং কনটেইনার টার্মিনাল’ ইয়ার্ডে রাখার পরই এটিতে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়। গত প্রায় পাঁচ বছরে এই কনটেইনারে বিদ্যুৎ-সংযোগ একবারের জন্যও বিচ্ছিন্ন হয়নি। নিয়মানুযায়ী, কাস্টম হাউস নির্দেশ না দেওয়া পর্যন্ত এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষের কিছুই করার নেই!নথিপত্রে দেখা যায়, নির্ধারিত সময়ে আমদানিকারক পণ্য খালাস না করায় ২০০৭ সালের ১১ ফেব্রুয়ারি কাস্টম হাউসের কাছে কনটেইনারটি তুলে দেয় বন্দর কর্তৃপক্ষ। এরপর এটি যথারীতি নিলামে তোলা হয়। কিন্তু নিলামে পণ্য বিক্রি হয়নি। সেই থেকে বন্দরের বিশেষায়িত কনটেইনার রাখার ইয়ার্ডে পড়ে আছে এটি।বন্দরের বিদ্যুৎ ও পরিবহন বিভাগের হিসাব অনুযায়ী, পাঁচ বছরে কনটেইনারটির পেছনে অনেক বিদ্যুৎ খরচ হয়েছে। বন্দর বিদ্যুৎ বিল বাবদ পাঁচ লাখ ৬৫ হাজার টাকা পরিশোধ করেছে। কনটেইনার রাখা বাবদ বন্দর কর্তৃপক্ষের পাওনা প্রায় ৪৪ লাখ টাকা। জাহাজ কোম্পানির কর্মকর্তাদের হিসাবে, এই সময়ে কনটেইনারটির ভাড়া বাবদ আনুমানিক ৩০ লাখ টাকা থেকে বঞ্চিত হয়েছে কনটেইনারের মালিকপক্ষ। পণ্য আমদানির জন্য ব্যয় করা বৈদেশিক মুদ্রাও বিফলে গেছে। আমদানিকারক পণ্য খালাস না করায় এবং নিলামে পণ্য বিক্রি না হওয়ায় কাস্টম হাউসও শুল্ক কর আদায় করতে পারেনি।বন্দরের কর্মকর্তারা মনে করেন, এই কনটেইনারের আপেল খাওয়ার অনুপযোগী হয়ে গেছে। তাই এই কনটেইনার থেকে কানাকড়িও পাওয়ার আশা নেই তাঁদের। অর্থাৎ এই কনটেইনারের নিচে চাপা পড়েছে বিদ্যুৎ, মার্কিন ডলারে পণ্য আমদানির ব্যয়, কাস্টম হাউস ও বন্দরের আয় বা সরকারি রাজস্ব।বন্দর সূত্রে জানা গেছে, ওই কনটেইনারটির মতো বন্দরে এখন ৪০ একক (প্রতিটি ২০ ফুট দীর্ঘ ৪০টি) হিমায়িত কনটেইনারে বিদ্যুৎ ব্যবহূত হচ্ছে। এগুলো চার মাস থেকে পাঁচ বছর পর্যন্ত পড়ে আছে। এসব কনটেইনারে আপেল, কমলা, আইসক্রিম, চকলেট, আদা, রসুন, আম ইত্যাদি পচনশীল পণ্য রয়েছে। হিমায়িত কনটেইনারসহ মোট এক হাজার ৭২০টি কনটেইনার ৩০ দিনের বেশি সময় পড়ে আছে। জানতে চাইলে বন্দরের পরিবহন বিভাগের পরিচালক গোলাম ছরওয়ার প্রথম আলোকে বলেন, নিলামে বিক্রি না হওয়া পণ্য নষ্ট হলে সব পক্ষই ক্ষতির মুখে পড়ে। এ ছাড়া দীর্ঘদিন নিলামযোগ্য কনটেইনার পড়ে থাকায় পণ্য ওঠানো-নামানোর কাজ ব্যাহত হচ্ছে। এ নিয়ে কাস্টম হাউসের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। চিঠিও দেওয়া হয়েছে। কিন্তু নিলামের কনটেইনার কমেনি।বন্দরের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, নিলামের পণ্যের কারণে বন্দরের মোট ধারণক্ষমতার প্রায় ১০ শতাংশ ব্যবহার করা যাচ্ছে না। এ পণ্য পড়ে থাকায় যে পরিমাণ জায়গা নষ্ট হচ্ছে, একই পরিমাণ জায়গায় বছরে সাড়ে ৭৭ হাজার একক কনটেইনার ওঠানামা করতে পারে। পচনশীল পণ্য পড়ে থাকা পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ বলেও মতামত দেওয়া হয় প্রতিবেদনে।সরেজমিনে দেখা গেছে, বন্দরের সিডব্লিউ ইয়ার্ডে দীর্ঘদিন ধরে পড়ে আছে ৩৪৬ একক কনটেইনার। এ ছাড়া অন্যান্য ইয়ার্ডেও নিলামের কনটেইনার পড়ে আছে। দীর্ঘদিন পড়ে থাকায় বেশ কয়েকটি কনটেইনার জং ধরে ছিদ্র হয়ে গেছে। কোনো কোনোটির ছিদ্র দিয়ে বেরিয়ে আসছে পণ্য।জানতে চাইলে কাস্টম হাউসে সদ্য যোগ দেওয়া অতিরিক্ত কমিশনার মো. মতিউর রহমান প্রথম আলোকে বলেন, যেসব নিলামযোগ্য পণ্যে মালিকপক্ষের রিট মামলা রয়েছে, সেগুলো নিলামে বিক্রির সুযোগ থাকে না। তবে নিলামের যেসব পণ্য নষ্ট হয়ে গেছে, সেগুলো ধ্বংস করার উদ্যোগ নেওয়া হবে; যাতে করে বন্দরের জায়গা খালি হয়। নিলামে পণ্য বিক্রি দ্রুততর করতে পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।এ ব্যাপারে কথা বলার জন্য চেষ্টা করেও আমদানিকারক প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি।