কনটেইনারের ৯টি বস্তায় তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর চত্বরে রপ্তানি পণ্যবাহী কনটেইনারটির নয়টি বস্তায় থাকা রাসায়নিক পণ্যে তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত হয়েছে। পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানীদের নয় সদস্যের একটি দল গতকাল মঙ্গলবার বস্তাগুলো শনাক্ত করে। ওই দলের সদস্যরা তিন দিন ধরে কনটেইনারটি থেকে তেজস্ক্রিয় পদার্থ অপসারণের কাজ করছেন। কনটেইনারটিতে পাউডারজাতীয় রাসায়নিক পণ্য জিঙ্ক অক্সাইড রয়েছে। এই কনটেইনারটি চীনে রপ্তানি করার জন্য বন্দরে আনা হয়েছিল।

কনটেইনারটিতে জিঙ্ক অক্সাইডের ৪১টি বস্তা রয়েছে। প্রতিটিতে প্রায় ৫০০ কেজি করে জিঙ্ক অক্সাইড রয়েছে। তেজস্ক্রিয় পদার্থ অপসারণের অভিযানে নেত্বত্ব দিচ্ছেন পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ পাল। তিনি প্রথম আলোকে বলেন, শনাক্ত হওয়া নয়টি বস্তা আলাদা করে অন্য একটি কনটেইনারে তা সিলগালা করে রাখা হয়েছে। এ কারণে তেজস্ক্রিয় পদার্থবাহী বস্তাগুলো এখন মানুষ ও পরিবেশের জন্য ক্ষতিকর নয়।

গত ২২ আগস্ট কনটেইনারবাহী একটি গাড়ি চট্টগ্রাম বন্দরের তেজস্ক্রিয় শনাক্তকরণ ফটক পার হওয়ার সময় সতর্কসংকেত বেজে ওঠে। পরে ২৬ আগস্ট পরমাণু শক্তি কমিশন এবং মেগাপোর্ট প্রকল্পের (যুক্তরাষ্ট্রের অর্থায়নে স্থাপিত তেজস্ক্রিয়তা শনাক্তকরণ যন্ত্র বা ফটক) যৌথ পরীক্ষায় কনটেইনারে থাকা রাসায়নিক পণ্যে উচ্চমাত্রার তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত হয়। এরপর ২৬ আগস্ট প্রাথমিক পরীক্ষায় কনটেইনারের বাইরে থেকে তেজস্ক্রিয়তার মাত্রা পাওয়া যায় ঘণ্টায় সর্বোচ্চ ৬ দশমিক ২৪ মাইক্রোসিয়েভার্টস (তেজস্ক্রিয়তা থেকে যে বিকিরণ হয় তার একক)।