কনডেম সেলে ফাঁসির আসামিরা
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ড পাওয়া আসামিদের গাজীপুরের কাশিমপুর ও নারায়ণগঞ্জ জেলা কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে। তাঁরা গত সোমবার রাত থেকে বন্দীদের জন্য নির্ধারিত সাদা-কালো ডোরাকাটা পোশাক পরেছেন। এখন থেকে তাঁরা খাটে ঘুমাতে পারবেন না। সেলের বাইরে দিনে একবার বের হতে পারবেন।
গত রোববার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত সাত খুন মামলায় ৩৫ জনকে সাজা দেন। ফাঁসির দণ্ড দেওয়া হয় ২৬ জনকে। তাঁদের মধ্যে ১৬ জন র্যাব-১১-এর সাবেক সদস্য। বাকিদের মধ্যে নূর হোসেন ও তাঁর নয় সহযোগী রয়েছেন। ১৭ জন এখন কারাগারে। বাকি নয়জন পলাতক।
জানা গেছে, গাজীপুরের কাশিমপুর কারাগার-১-এ রাখা হয়েছে ফাঁসির আসামি এম এম রানা ও আরিফ হোসেনকে। কারাগার-২-এ নূর হোসেন, তারেক মোহাম্মদ সাঈদ ও বেলাল হোসেনকে। ফাঁসির অন্য আসামিদের নারায়ণগঞ্জ জেলা কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে। বেলাল হোসেন আগে নারায়ণগঞ্জ জেলা কারাগারে ছিলেন। সেখানে আত্মহত্যার চেষ্টার পর থেকে তাঁকে কাশিমপুর কারাগারে রাখা হয়।
কাশিমপুর কারাগার-২-এর একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, তাঁর কারাগারে থাকা তিন আসামির আচরণ রায় ঘোষণার আগে ও পরে ভিন্নতা রয়েছে। রায় ঘোষণার পর নূর হোসেন ও তারেক সাঈদ অনেক চুপচাপ হয়ে গেছেন।
কাশিমপুর কারাগার-২-এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, সেখানে ৪০ নম্বর কনডেম সেলে নূর হোসেন, তারেক ও বেলালকে রাখা হয়েছে। তিনি বলেন, এই তিন বন্দীর মধ্যে তারেক এত দিন কারাগারে ডিভিশন সুবিধা পেতেন। কিন্তু সাজার রায় হওয়ার পর থেকে তাঁকে আর এই সুবিধা দেওয়া হবে না। তিনি বলেন, সব ফাঁসির আসামির মতো এই বন্দীরাও একই সুবিধা পাবেন।
তিনটি কারা সূত্র জানায়, সাধারণ বন্দী ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত বন্দীদের জন্য থাকা ও অন্যান্য সুযোগ-সুবিধা এক নয়। আর ডিভিশন পাওয়া বন্দীদের সুযোগ-সুবিধা অনেক বেশি হয়। কিন্তু ফাঁসির সব আসামির জন্য নিয়ম একই। এখানে ডিভিশন সুবিধা পাবেন না তারেক সাঈদ। সূত্র জানায়, গত সোমবার রাতে বন্দীদের ভাত, মাছ ও তরকারি খেতে দেওয়া হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, গত সোমবার বিকেল সোয়া পাঁচটার দিকে আরিফ হোসেন ও এম এম রানাকে কারাগারে আনা হয়। এরপর তাঁদের পোশাক বদল করে ফাঁসির সেলে পাঠানো হয়। তিনি বলেন, রায় ঘোষণার পর গতকাল দুপুরে রানার এক ভাই দেখা করতে কারাগারে এসেছিলেন। তবে অন্য কারও স্বজনেরা গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আসেননি।
নারায়ণগঞ্জ জেলা কারাগারে ফাঁসির দণ্ড পাওয়া ১২ জন আসামিকে রাখা হয়েছে। সোমবার থেকে তাঁরা বন্দীদের নির্ধারিত পোশাক পরছেন। তাঁদের সবাইকে কনডেম সেলে রাখা হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের দায়িত্বপ্রাপ্ত জেলার মো. আসাদুর রহমান বলেন, নারায়ণগঞ্জ কারাগারে মৃত্যুদণ্ড ১২ আসামিসহ ১৮ জন রয়েছে। নারায়ণগঞ্জ কারাগারে ফাঁসির আসামিদের জন্য ১৫টি সেল রয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ আসামিকে সেখানে রাখা হয়েছে। প্রতিটি সেলে তিনজন করে রাখা হয়েছে। তিনি বলেন, আসামিদের সোমবার রাতে সবজি ও ডাল, ভাত ও মাছ খেতে দেওয়া হয়েছে। তাঁরা সবাই খেয়েছেন। গতকাল সকালে তাঁদের রুটি, গুড় দেওয়া হয়েছে।