২৬ জুলাই প্রথম আলোর প্রথম পাতায় ‘নিয়ম ভেঙে প্লট হাতবদল’ শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছে কনফিগার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।প্রতিবাদে বলা হয়েছে, এই কোম্পানির মালিকানাধীন হোটেল ক্রাউন প্যাসিফিক সম্পর্কে প্রকাশিত তথ্য সঠিক নয়। কক্সবাজার হোটেল-মোটেল জোনের এই প্লটটি (সড়ক-১, প্লট-১৪) সরকারি বিধিবিধান অনুসরণ করেই হস্তান্তর হয়েছে। ইজারা চুক্তির ৪ নম্বর শর্ত অনুযায়ী সরকারের পূর্বানুমতিতেই ইজারাগ্রহীতা মোহাম্মদ শোয়েব মোরশেদ ফারুকী প্লটটি কনফিগার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের কাছে হস্তান্তর করেন। এরপর বিদ্যমান নিয়মকানুন অনুসরণ করেই ওই প্লটের নির্মাণকাজ এগিয়ে চলছে। এ ছাড়া বিনিয়োগ বোর্ডের অনুমতি নিয়ে আমেরিকান চেইন হোটেল কোম্পানি বেস্ট ওয়েস্টার্নের সঙ্গে ব্যবস্থাপনা ও ক্যাটারিং সার্ভিসের চুক্তি সম্পাদিত হয়েছে এবং বেস্ট ওয়েস্টার্নের তত্ত্বাবধানেই কক্সবাজারে আন্তর্জাতিকমানের পাঁচতারা এই হোটেলটির নির্মাণকাজ চলছে।