কনফিডেন্স সিমেন্ট-প্রথম আলো তারুণ্য উৎসবের উদ্বোধন আজ
চট্টগ্রামে আজ বুধবার থেকে শুরু হচ্ছে কনফিডেন্স সিমেন্ট-প্রথম আলো তারুণ্য উৎসব। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এই উৎসব উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরিন আক্তার।
তিন দিনব্যাপী এই উৎসবে থাকছে আন্তস্কুল আইডিয়া জেনারেশন, আন্তস্কুল-কলেজ বিতর্ক ও আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে কনফিডেন্স সিমেন্টের নির্বাহী পরিচালক ও প্রধান (বিক্রয় ও বিপণন) জহির উদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন। আজ প্রথম দিনে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম মহানগরের ২৪টি বিদ্যালয়ের বিতর্ক দলের অংশগ্রহণে আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতা এবং ২৪টি কলেজের অংশগ্রহণে আন্তকলেজ বিতর্ক প্রতিযোগিতা। দুটি বিতর্কই আজ সেমিফাইনাল পর্যন্ত গড়াবে।
কাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির গ্যালারি মিলনায়তনে সকাল নয়টা থেকে শুরু হবে চট্টগ্রামের ১৬টি বিদ্যালয়ের অংশগ্রহণে আইডিয়া জেনারেশন প্রতিযোগিতা। বিকেল চারটায় শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে চট্টগ্রামের নয়টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে শুরু হবে আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা।
৭ অক্টোবর শুক্রবার বিকেলে উৎসবের সমাপনী দিনে শিল্পকলার অনিরুদ্ধ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে বিতর্ক প্রতিযোগিতা ও আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।