স্ত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগে দায়ের করা মামলায় দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশ কনস্টেবল আবুল বাশার প্রামাণিক ও তাঁর ছোট ভাই আবু সুফিয়ানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গত মঙ্গলবার দিনাজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৪ সালে আবুল বাশার প্রামাণিকের সঙ্গে আয়েশার বিয়ে হয়। বিয়ের পর থেকে আয়েশার বাবা-ভাইদের কাছ থেকে তিনি যৌতুকের দাবি করে আসছিলেন। দাবি পূরণ করতে না পারায় আয়েশার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন তিনি। ২০১৩ সালের ১৯ আগস্ট বাশার আয়েশাকে প্রচণ্ড মারধর করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এরপর বাশার ও তাঁর ছোট ভাই আবু সুফিয়ান মুঠোফোনে অশ্লীল ছবি তুলে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। এ ঘটনায় আয়েশা স্বামীর বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। পুলিশ সুপার বাশারকে সতর্ক করে দিয়ে বিষয়টি মীমাংসা করে দেন। কিন্তু এর পরও আয়েশার ওপর নির্যাতন বন্ধ হয়নি।
সর্বশেষ গত ৪ মার্চ সন্ধ্যায় দিনাজপুর শহরের ৩ নম্বর উপশহরের ভাড়া বাসায় বাশার তাঁর কোমরের বেল্ট খুলে শিশুসন্তান অভির (৭) সামনেই আয়েশাকে বেদম প্রহার করেন। ওই ঘটনায় আয়েশা স্বামী ও দেবরকে আসামি করে গত ৭ মার্চ মামলা করেন।
আয়েশাকে আইনি সহায়তা দেওয়া মহিলা পরিষদের আইনজীবী মাজহারুল ইসলাম সরকার জানান, বাশার ও তাঁর ভাই গত ১১ মার্চ হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন পান। জামিনের মেয়াদ শেষে গত সোমবার তাঁরা আদালতে হাজির হন।