কনস্টেবল নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় পুলিশের পিকআপ ভ্যান থেকে ছিটকে পড়ে মোস্তাফিজুর রহমান (২৮) নামের এক কনস্টেবল নিহত হয়েছেন। ঢাকা-বগুড়া মহাসড়কের কামারখন্দ উপজেলার নলকা নামক স্থানে বুধবার রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এতে এক এএসআইসহ চারজন আহত হন। মোস্তাফিজুর সিরাজগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি হেলাল উদ্দিন জানান, পিকআপটি কড্ডার মোড় থেকে নলকা যাচ্ছিল। ট্রাকটি পিকআপকে ধাক্কা দিলে পুলিশ সদস্যরা রাস্তায় ছিটকে পড়েন। এ সময় মোস্তাফিজুর রহমান ট্রাকের চাকায় পিষ্ট হন। হেলাল উদ্দিন জানান, কনস্টেবল শহিদুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য তিনজন আশঙ্কামুক্ত।