কনস্টেবল সেলিমকে মুন্সিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া থানার কনস্টেবল মো. সেলিম মিয়াকে গত শনিবার জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানিয়েছেন।গত বুধবার রাতে মুন্সিগঞ্জ পৌরসভা কার্যালয়ের একটি কক্ষ থেকে কনস্টেবল সেলিম ও পৌরসভার এক সার্ভেয়ারকে ৫১টি ইয়াবা বড়িসহ আটক করে র‌্যাব। পরদিন বৃহস্পতিবার বিকেলে তাঁদের দুজনকে মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হলেও ইয়াবা বড়ি পাশের কক্ষ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে বলে জানানো হয়। পরে তাঁদের দুজনকে ছেড়ে দেয় পুলিশ। অথচ বুধবার রাতে কনস্টেবল সেলিমের গজারিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মুকবির হোসেনের সঙ্গে দায়িত্ব পালনের কথা ছিল।এ বিষয়ে গত শুক্রবার প্রথম আলোর ৪-এর পাতায় ‘মুন্সিগঞ্জে ইয়াবাসহ কনস্টেবল ও সার্ভেয়ার আটক, পরে মুক্ত’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সেলিমের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অনৈতিক কাজে জড়িত থাকাসহ স্বেচ্ছাচারী কাজের জন্য থানা থেকে পুলিশ সুপার বরাবর গোপন প্রতিবেদন পাঠানো হয়। এর পরই তাঁকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।’