কনস্টেবলকে ছুরি মেরে ব্যাগ ছিনতাই, গ্রেপ্তার ৩
সিলেটে পুলিশের একজন নারী কনস্টেবল ছিনতাইয়ের শিকার হয়েছেন। গতকাল বুধবার ভোরে নগরের সুরমা পয়েন্টে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার কনস্টেবলের নাম শাপলা বেগম। তিনি সিলেট কোতোয়ালি থানায় কর্মরত।
প্রত্যক্ষদর্শী পুলিশ সদস্যদের ভাষ্যমতে, শাপলা বেগম ছুটি কাটিয়ে বাড়ি থেকে কর্মস্থলে ফিরছিলেন। তিনি কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রিকশায় করে কিনব্রিজ হয়ে থানায় যাচ্ছিলেন। পথে সুরমা মার্কেট এলাকায় ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁর রিকশার গতিরোধ করে একদল ছিনতাইকারী। তারা তাঁর ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে ছিনতাইকারীরা তাঁর হাতে ছুরি মেরে ব্যাগটি নিয়ে দৌড় দেয়।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, এই দৃশ্য দেখে ভোরের পালায় সুরমা পয়েন্টে দায়িত্ব পালনরত পুলিশের সদস্যরা তাৎক্ষণিক ছিনতাইকারীদের ধাওয়া করেন। তাঁরা হাতেনাতে তিনজনকে ধরে ব্যাগটি উদ্ধার করেন।
আটক তিনজনহলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগদপুর গ্রামের শিপন মিয়া (২৪), কুমিল্লার চৌদ্দগ্রামের দেবপাড়ার ফারুক আহমদ ওরফে সাগর (২৮) ও মৌলভীবাজারের কুলাউড়ার শ্রীপুর গ্রামের ইমন আহমদ (২৬)।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক তিনজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।