কনস্টেবলের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১৮
রাজশাহীতে পুলিশের ওপর চোরাগোপ্তা হামলার ঘটনায় করা মামলায় ১৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল শনিবার তাঁদের ১০ দিনের রিমান্ড আবেদন সহকারে আদালতে সোপর্দ করা হয়। আজ রোববার তাঁদের রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানাউল হক জানান, পুলিশের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে কনস্টেবল শরীফ উদ্দিনের ওপর হামলার ঘটনায় উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। এ মামলায় ১৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে চালান দেওয়া হয়। আর নগরের মতিহার জোনের সহকারী পুলিশ কমিশনার আবুল হাসনাতের ওপর হামলার ঘটনায় এসআই আবদুস সোবহান বাদী হয়ে আরেকটি মামলা করেন। এ মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তবে কেউ গ্রেপ্তার হয়নি। রাজশাহী বেতারের সম্প্রচার কেন্দ্রে দায়িত্ব পালন করতে যাওয়ার সময় গত বৃহস্পতিবার রাত দুইটার দিকে চোরাগোপ্তা হামলার শিকার হন কনস্টেবল শরীফ উদ্দিন। এ ঘটনার পর গ্রেপ্তার অভিযানকালে দুই নারীর হামলার শিকার হয়ে আহত হন মতিহার জোনের সহকারী পুলিশ কমিশনার আবুল হাসনাত।