কনিষ্ঠ শিক্ষককে অধ্যক্ষ করার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপুরায় অবস্থিত ঢাকা ইমপিরিয়াল কলেজে এক কনিষ্ঠ শিক্ষককে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্তও হয়েছে।
এ নিয়ে শিক্ষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ক্ষুব্ধ শিক্ষকদের একটি অংশ অধ্যক্ষ নিয়োগের ‘অনিয়মের’ বিরুদ্ধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছে।
কলেজের পরিচালনা কমিটির সভাপতি ইসমত কাদির গামা নির্বাচিত শিক্ষকের নাম উল্লেখ না করে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন মেনে যোগ্যতার ভিত্তিতে পরীক্ষায় যিনি প্রথম হয়েছেন তাঁকেই অধ্যক্ষ পদে মনোনীত করা হয়েছে। তাঁর শিক্ষাগত যোগ্যতাও ভালো। ১২ জুলাই কমিটির সভায় বিষয়টি চূড়ান্ত করা হবে।
কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, ২০১৩ সালের মার্চে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাহফুজুল হক মারা যাওয়ার পর কলেজে কিছু সমস্যা তৈরি হতে থাকে। ওই সময় থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে কলেজটি পরিচালিত হচ্ছে। স্থায়ী অধ্যক্ষ নিয়োগ না দিয়ে এ পর্যন্ত ছয়জন শিক্ষককে ভারপ্রাপ্ত কিংবা অধ্যক্ষের চলতি দায়িত্ব দিয়ে কলেজটি পরিচালনা করা হচ্ছে। এ ক্ষেত্রেও জ্যেষ্ঠতা মানা হয়নি। বর্তমানে যিনি অধ্যক্ষের দায়িত্বে আছেন, তাঁর চেয়েও ১৫ জন জ্যেষ্ঠ শিক্ষক রয়েছেন। সম্প্রতি পরিচালনা কমিটি কোরাম না হওয়া সত্ত্বেও এক সভায় তাঁকে অধ্যক্ষের চলতি দায়িত্ব দেয়। এ নিয়ে জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।