কনিষ্ঠ শিক্ষককে অধ্যক্ষের দায়িত্ব!
রাজশাহীর বাগমারা উপজেলায় তাহেরপুর ডিগ্রি কলেজে নীতিমালা লঙ্ঘন করে এক কনিষ্ঠ শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কলেজ সূত্রে জানা গেছে, ওই কলেজের অধ্যক্ষ অবসরে যাওয়ার পর ২০১০ সালে প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ শিবনাথ কুমার সরকারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। এক বছর পর তিনিও অবসরে গেলে পদটি শূন্য হয়ে যায়। পরে ওই বছরই শিক্ষক মোবারক আলীকে উপাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়ার পর তিনি চলতি বছরের মে মাসে এমপিওভুক্ত হন। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশে উপাধ্যক্ষ মোবারককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয় পরিচালনা পর্ষদ। তিনি গত ২১ অক্টোবর পর্যন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করলেও পরে তাঁকে স্থানীয় সাংসদের ডিও লেটারের (চাহিদাপত্র) মাধ্যমে ওই পদ থেকে অপসারণ করা হয়। পরে কলেজের অর্থনীতি বিভাগের কনিষ্ঠ প্রভাষক তোফাজ্জল হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। তখন থেকে তিনি দায়িত্ব পালন করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষক অভিযোগ করেন, কিছু অযোগ্য প্রার্থীকে নিয়োগ দিয়ে বাণিজ্য করার জন্য তোফাজ্জল হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
উপাধ্যক্ষ মোবারক আলী অভিযোগ করেন, সাংসদ নীতিমালা লঙ্ঘন করে শুধু ডিও লেটারের মাধ্যমে তোফাজ্জলকে দায়িত্ব দিয়েছেন। তিনি দায়িত্ব ফিরে পাওয়ার জন্য ইউএনওর কাছে আবেদন করেছেন। ইউএনও সাদেকুল ইসলাম প্রথম আলোকে জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
তবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বপ্রাপ্ত তোফাজ্জল হোসেন জানান, সাংসদের ডিও লেটারের মাধ্যমে ও কলেজ পরিচালনা পর্ষদের অনুমোদনের মাধ্যমে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে।