কনে ছাড়াই ফিরল বর
নেত্রকোনার খালিয়াজুরীতে ১৫ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। গত বুধবার খালিয়াজুরী উপজেলার সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার উপজেলার নয়াপাড়া গ্রামের রাখাল বর্মণের মেয়ে শান্তনা রাণী বর্মণের সঙ্গে মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের বামেরচর গ্রামের কাচু চন্দ্র বর্মণের ছেলে হেমেন্দ্র চন্দ্র বর্মণের (২১) বিয়ের দিন ঠিক করা হয়। ওই দিন রাতে মেয়ের বাড়িতে বিয়ের সব ধরনের আয়োজনও করা হয়। সন্ধ্যায় যথারীতি বরযাত্রীসহ বরও আসে কনের বাড়িতে। বিয়ের প্রস্তুতি দেখে স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক বিষয়টি ইউএনও বদরুল হাসানকে মুঠোফোনে জানান। পরে ইউএনওর নির্দেশে খালিয়াজুরী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেয়। ফলে বিয়ের আয়োজন পণ্ড হয়ে যায়।
ইউএনও বদরুল হাসান বলেন, উভয় পক্ষ ওই কিশোরীর বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে স্থগিত রাখতে রাজি হয়েছে।