কনে দেখতে গিয়ে খাবারে ১৮ জন অসুস্থ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কনে দেখতে গিয়ে খাবার খেয়ে চা পান করার পর অসুস্থ হয়ে পড়েছেন দুই পরিবারের ১৮ জন। তাঁরা দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
অসুস্থ ব্যক্তিদের মধ্যে যাঁদের পরিচয় জানা গেছে, তাঁরা হলেন শশধর রায় (৪৫), আরতি রানী (৪০), ত্রৈলক্ষ্য রায় (৭৫), আপন রায় (২৯), দীলিপ চন্দ্র রায় (৩৬), ফণীভূষণ রায় (৪০), বিমল (৫৫), রেখা রানী (৪০), রিমন রায় (১০), মুকুল রায় (১৩), বাবুল রায় (৪০) ও নীরব (৫)।
অবস্থার অবনতি হওয়ায় ত্রৈলক্ষ্য রায়কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় লোকজনের ভাষ্য, গতকাল সন্ধ্যায় নীলফামারী জেলার সদর উপজেলার চওড়া দলুয়াপাড়া এলাকার সুরেন্দ্রনাথ রায়ের ছেলে আপন রায় কনে দেখতে ১২ জন আত্মীয়সহ দেবীগঞ্জ এলাকায় যান। সেখানে অতিথি আপ্যায়নে চিড়া-দইসহ চায়ের আয়োজন ছিল। আপ্যায়নের ১৫ মিনিটের মাথায় খাবার খাওয়ার পরে সবাই বমি করতে থাকেন। তাঁদের বুক ও গলা জ্বলতে থাকে।
দুই পক্ষের মোট ২৬ জন অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় লোকজন তাঁদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা দিয়ে আটজনকে ছেড়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী জাকিরুল ইসলাম জানান, অসুস্থ ব্যক্তিদের কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে যান। বর্তমানে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
এ নিয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ায় এমন হয়েছে। তিনি বলেন, হাসপাতালে আসা ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এখনো কিছু বলা যাচ্ছে না।