কনের বাড়িতে আটক ৩৫ বরযাত্রী উদ্ধার
নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভবনচুর গ্রামের মহরমপাড়ায় বউ নিতে এসে কনের বাড়িতে বরসহ আটকে পড়া ৩৫ জন বরযাত্রীকে গত শনিবার রাতে উদ্ধার করেছে জলঢাকা থানার পুলিশ।
উদ্ধারের পর পুলিশ বর সহিদুল ইসলাম (২৪), তাঁর মা রহিমা বেগম (৫০), দুই ভাই জিয়ারুল ইসলাম (২২) ও অহিদুল ইসলামকে (৩০) আটক রেখে অন্যদের ছেড়ে দিয়েছেন। রাত ১২টার দিকে উদ্ধার করা হলেও তাঁদের দিন কেটেছে থানায়।
এখনো তাঁদের কেন ছাড়া হচ্ছে না—জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘কনের বাড়ি থেকে ৩৫ বরযাত্রীকে উদ্ধার করে তাঁদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দিয়েছি। ঘটনার বিষয়ে জানার জন্য বরসহ চারজনকে থানায় রেখেছি। রাতে মেয়ের বাবাও এসেছিলেন। তবে এ বিষয়ে কোনো পক্ষই কোনো অভিযোগ করেনি। ছেলের বাবাকে খবর দেওয়া হয়েছে। তিনি এলে আমরা তাঁর কাছে তাঁদের দিয়ে দেব।’
‘বউ নিতে এসে তিন দিন ধরে আটক ৩৫ বরযাত্রী’ শিরোনামে একটি সংবাদ গতকাল রোববার প্রথম আলোয় প্রকাশিত হয়। এরপর পুলিশ শনিবার রাতে তাঁদের উদ্ধার করে।
গতকাল বিকেল পাঁচটার দিকে পুলিশের হেফাজতে থাকা সহিদুল ইসলাম বলেন, ‘রাতে উদ্ধারের পর পুলিশ আমাদের চারজনকে থানায় রেখে অন্যদের ছেড়ে দিয়েছে। আমাদের আটকে রাখার কোনো কারণ পুলিশ জানায়নি।’
তবে জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী ‘আমাকে রাতে বলেছেন, মেয়ের বাবাকে পাঁচ লাখ টাকা দিলে আমাদের ছেড়ে দেবে পুলিশ। গতকাল দুপুরে তাঁর বাসায় এ নিয়ে আমার লোকজনের সঙ্গে বৈঠকও হয়েছে। ইতিমধ্যে বাড়িতে খবর পাঠানো হয়েছে, তাঁরা পাঁচ লাখ টাকা জোগাড় করে আনলে আমরা ছাড়া পাব।’
তিনি আরও জানান, পুলিশ তাঁদের সঙ্গে খারাপ কোনো আচরণ না করলেও শনিবার রাত থেকে তাঁদের থানায় বসিয়ে রাখায় গতকাল বিকেল পর্যন্ত তাঁরা একটুও ঘুমাতে পারেননি।
এ ব্যাপারে আনছার আলী বলেন, ‘তারা উভয় পক্ষের লোকজন আমার কাছে এসেছে। মেয়েপক্ষ ওই বাড়িতে মেয়ে পাঠাবে না বলেছে। সেই কারণে তারা বিয়েতে যা দিয়েছে তাই ফেরত চেয়েছে। প্রথমে তারা পাঁচ লাখ ৮০ হাজার টাকা দাবি করে। আমি ৮০ হাজার টাকা বাদ দিয়ে পাঁচ লাখ টাকার কথা বলেছি। এখন বরপক্ষ আরও কম দিতে চায়। এখন আমরা স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিদের নিয়ে বসেছি। তারা কত টাকা দিয়েছে তার হিসাব করে দেখছি।’ টাকা ফেরত দিলে তাঁরা ছাড়া পাবেন কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো আর তাঁদের আটকাই নাই। ছাড়ার প্রশ্ন আসছে কেন?’ বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি বলেন, ‘হয়তো ঘণ্টা খানেকের মধ্যে এর সমাধান হয়ে যাবে।’
গতকাল রোববার রাত সাড়ে আটটার সময় শেষ খবর পাওয়া পর্যন্ত ওই চারজন থানায় আটক রয়েছেন।