কনের বাবা, কাজীসহ চারজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাল্যবিবাহ দেওয়ার দায়ে মেয়ের বাবা, কাজীসহ চারজনকে জরিমানা এবং জরিমানা অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার বিকেল চারটায় ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের কৈলান ব্যাপারীর ছেলে মোহাম্মদ আলীর (২৫) সঙ্গে পৌরসভার পশ্চিম সদরদী গ্রামের আয়নাল হকের স্কুলপড়ুয়া মেয়ে মারিয়া আক্তারের (১৪) বিয়ে হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবর আলী মীরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই দিনই কনের বাবা আয়নাল হকের বাড়িতে অভিযান চালান। কিন্তু তাঁর আগেই বাল্যবিবাহ নিবন্ধনের কাজ শেষ হয়। পুলিশ বর মোহাম্মদ আলী, তাঁর বড় ভাই আহম্মদ আলী, কাজী নিজামউদ্দীন আহম্মেদ ও মেয়ের বাবা আয়নাল হককে আটক করে থানায় নিয়ে আসে। ইউএনও জানান, কাজী নিজামউদ্দীন, বর মোহাম্মদ আলী ও বরের বড় ভাই আহম্মদ আলীকে এক হাজার টাকা করে জরিমানা এবং জরিমানা অনাদায়ে প্রত্যেককে একমাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাল্যবিবাহ দেওয়ার দায়ে কনের বাবা আয়নাল হককে ২০০ টাকা জরিমানা অনাদায়ে এক সপ্তাহ কারাদণ্ড দেওয়া হয়। ভাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, সব আসামি জরিমানার টাকা পরিশোধ করে চলে গেছেন।