কনের বাবা ও কাজিসহ তিনজনের অর্থদণ্ড
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভ্রাম্যমাণ আদালত একটি বাল্যবিবাহর রেজিস্ট্রি বাতিল করে নিকা রেজিস্ট্রার (কাজি), মৌলভি ও কনের বাবাকে অর্থদণ্ড দিয়েছেন। গত শনিবার বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম আজম এ রায় দেন।তবে এ জন্য বরপক্ষকে শাস্তি পেতে হয়নি এবং রায়ের পরও কনে শ্বশুরবাড়িতে অবস্থান করছে।ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ সোহরাওয়ার্দী জানান, গত শুক্রবার ভোলাহাট গ্রামের রাইসুর আলীর সঙ্গে একই গ্রামের মোবিউল ইসলামের সপ্তম শ্রেণীতে পড়ুয়া মেয়ের বিয়ে হয়। পুলিশ শনিবার কাজি, মৌলভি ও কনের বাবাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। আদালত রেজিস্ট্রি করার অপরাধে কাজি মাইনুল ইসলামকে এক হাজার টাকা, মৌলভি তোজাম্মেল হককে ৫০০ টাকা এবং অপ্রাপ্ত বয়সে মেয়ের বিয়ে দেওয়ার অপরাধে কনের বাবা মোবিউল ইসলামকে ৮০০ টাকা জরিমানা করেন। তবে আদালত বরপক্ষের কাউকে শাস্তি দেননি। এদিকে বিয়ের রেজিস্ট্রি বাতিল করার পরও কনে শ্বশুরবাড়িতে অবস্থান করেছে।ভোলাহাট ইউএনওর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জটিলতা এড়াতে বরপক্ষকে শাস্তি দেওয়া হয়নি। তা ছাড়া বিয়ে হয়ে যাওয়ার পরে খবর পাওয়া গেছে। আগে খবর পেলে বিয়ে বন্ধ করা যেত।