কনের বাবা ও বরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগে মেয়েকে বাল্যবিবাহ দেওয়ায় বাবা ও বিয়ে করায় বরকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাশ গতকাল রোববার তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কনের বাবা তাজুল ইসলাম (৫৫) ও বর মো. ইয়াছিন (২৭)।

নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, তাজুল ইসলাম তাঁর অপ্রাপ্তবয়স্ক মেয়েকে গত বৃহস্পতিবার একই গ্রামের মো. ইয়াছিনের সঙ্গে বিয়ে দেন। বিষয়টি নজরে আসার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট কনের বাবা ও বরকে গতকাল বিকেলে কার্যালয়ে ডেকে আনেন। পরে সাক্ষ্যপ্রমাণ ও দোষ স্বীকারের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

স্নেহাশীষ দাশ প্রথম আলোকে বলেন, সাজা দেওয়ার পর দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।