
বগুড়া ও জামালপুরে ৫৪ শতাংশ ক্ষেত্রে ১৬ বছর বয়সের আগে মেয়েদের বিয়ে হলে যৌতুক হিসেবে ছেলেপক্ষকে দিতে হয়েছে ৫০ হাজার টাকা। কনের বয়স ১৬ থেকে ১৭ বছর হলে যৌতুকের টাকার পরিমাণ বেড়ে দাঁড়ায় ৮০ হাজার টাকা। কনের বয়স ১৮ থেকে ১৯ হলে যৌতুকের পরিমাণ বেড়ে হয় ১ লাখ টাকা। পপুলেশন কাউন্সিলের করা এক ভিত্তি জরিপের (একসিলারেটিং অ্যাকশন টু অ্যান্ড চাইল্ড মেরেজ ইন বাংলাদেশ) ফলাফল এটি।
বেসরকারি সংগঠনটির ২০০১ থেকে ২০১৩ সালের মধ্যে বিভিন্ন জেলায় করা আগের দুটি ভিত্তি জরিপের ফলাফলেও দেখা যায়, কনের বয়স কম হলে যৌতুকের টাকার পরিমাণ কমে।
বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করা সংগঠনের প্রতিনিধিরাও বলছেন, যেসব কারণে অভিভাবকেরা মেয়ের বাল্যবিবাহ দেন, সেসব কারণের মধ্যে যৌতুকের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আইন অনুযায়ী, যৌতুক দেওয়া ও নেওয়া শাস্তিযোগ্য অপরাধ। তবে বাস্তবতা ভিন্ন। সামাজিক প্রথাটি জিইয়ে রাখছেন বর ও কনের দুই পরিবারের সদস্যরাই। যৌতুকের সঙ্গে বাড়তি যোগ হয়েছে কনের বয়স।
পপুলেশন কাউন্সিলের ‘একসিলারেটিং অ্যাকশন টু অ্যান্ড চাইল্ড মেরেজ ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় করা ভিত্তি জরিপের ফলাফল বলছে, জামালপুর ও বগুড়ার অভিভাবকেরা মেয়েকে যৌন নির্যাতনের হাত থেকে রক্ষা করতে এবং সামাজিক নিরাপত্তার কথা চিন্তা করে কম বয়সে বিয়ে দিচ্ছেন। এর পাশাপাশি কম বয়সে মেয়ের বিয়ে দিলে যৌতুকের পরিমাণ কমে, এটিও একটি বড় কারণ। ভিত্তি জরিপটি পরিচালনা করা হয় চলতি বছরের এপ্রিল থেকে মে মাস পর্যন্ত। ৯৬টি নির্বাচিত গ্রামের (৩০ হাজার পরিবার) ১২ থেকে ১৯ বছর বয়সী মেয়েদের কিশোরী বয়সের অভিজ্ঞতা, বাল্যবিবাহের পেছনে কোন বিষয়গুলো প্রাধান্য পায়, সামাজিক পরিবেশসহ বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। প্রকল্পে দুই জেলার ১০ থেকে ১৯ বছর বয়সী ১৩ হাজার মেয়েকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে পরিবারে মেয়েরা যে বোঝা না, সে ধরনের একটি পরিবেশ তৈরির চেষ্টা করা হবে।
ভিত্তি জরিপ মতে, বগুড়ায় মেয়েদের বিয়ে হয়েছে গড়ে ১৪ দশমিক ৭ বছর বয়সে, জামালপুরে তা ছিল ১৫ বছর। দুই জেলার ৪২ শতাংশ মা এবং ৪১ শতাংশ বাবার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। ১৬ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে স্কুল থেকে ঝরে পড়ে ৭০ শতাংশ, তবে ১৮ থেকে ১৯ বছর বয়সীদের ক্ষেত্রে এ হার ৫০ শতাংশ। ৬১ শতাংশই জানিয়েছে তাদের স্কুল থেকে ঝরে পড়ার কারণ বাল্যবিবাহ।
প্রথম আলোর বগুড়া প্রতিনিধি আনোয়ার পারভেজ বাল্যবিবাহপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাল্যবিবাহ দিয়েছেন এ ধরনের ১২ জন অভিভাবকের সঙ্গে কথা বলে জেনেছেন, যৌতুকের চাপ এড়াতে মেয়েদের বাল্যবিবাহ দিয়েছেন তাঁরা। তবে সামাজিক মানমর্যাদার ভয়ে অভিভাবকেরা তাঁদের নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেন। এলাকায় বাল্যবিবাহের ক্ষেত্রে যৌতুক দিতে হয় ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। তবে মেয়ে প্রাপ্তবয়স্ক হলে অভিভাবককে যৌতুক বাবদ ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত দিতে হয়।
গত বছরের ২৭ অক্টোবর প্রথম আলোয় প্রকাশিত জামালপুর প্রতিনিধির প্রতিবেদন থেকে জানা যায়, জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের চর মল্লিকপুর, চান্দের হাওড়া, আরংহাটি ও হরিপুর গ্রামে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ২৫টি বাল্যবিবাহ সম্পন্ন হয়। এর মধ্যে শুধু আলিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণি থেকে শুরু করে দশম শ্রেণির ২০ জন ছাত্রী ছিল।
আলিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, এলাকাটি চর এলাকা বলে সাংবাদিক ও পুলিশ পৌঁছাতে সময় লাগে। অভিভাবকেরা এ সুযোগটি নেন। স্থানীয় জনপ্রতিনিধিরা নিজেরাই অনেক সময় বাল্যবিবাহে সহায়তা করেন বলেও অভিযোগ আছে। আর বাল্যবিবাহের সঙ্গে যৌতুকের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের জেন্ডার স্পেশালিস্ট রোশনি বসু প্রথম আলোকে বলেন, বিভিন্ন গবেষণাতেই বাল্যবিবাহের পেছনে যৌতুকের বিষয়টি যে বড় কারণ হিসেবে কাজ করে তা প্রমাণিত। বাল্যবিবাহ প্রতিরোধের জন্য বিভিন্ন প্রচারণায় অভিভাবকদের সচেতন করার চেষ্টা করা হচ্ছে। যৌতুক আইনে সাজার পরিমাণ বাড়িয়ে আইনকে যুগোপযোগী করারও উদ্যোগ নিয়েছে সরকার।