কনোকোফিলিপসসহ বিদেশি কোম্পানিগুলোর স্বার্থ রক্ষা না করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন কোম্পানি কনোকোফিলিপসহ বিদেশি কোম্পানিগুলোর স্বার্থ রক্ষা না করে জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। পাশাপাশি জাতীয় সম্পদের সর্বোত্তম ব্যবহারের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে।
গতকাল শুক্রবার জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ এবং সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ এক বিবৃতিতে এ দাবি জানান। দুই নেতা বলেছেন, সংবাদপত্রের খবর অনুযায়ী কনোকোফিলিপস বঙ্গোপসাগরে ১০ ও ১১ নম্বর ব্লকে প্রচুর গ্যাস (৫-৭ ট্রিলিয়ন ঘনফুট) প্রাপ্তির সম্ভাবনা স্বীকার করেছে। একই সঙ্গে তারা পিএসসি চুক্তিতে নির্ধারিত গ্যাস ক্রয়ের দাম চার মার্কিন ডলার থেকে বাড়িয়ে সাত ডলার করা এবং প্রতিবছর তা ২ শতাংশ করে বাড়ানোর দাবি করেছে। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীও কোম্পানির দাবির পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, কোম্পানি মিয়ানমারের মতো সুবিধা চায়। আগামী কয়েক বছরে যেহেতু আন্তর্জাতিক বাজারেও গ্যাসের দাম বাড়বে, সুতরাং কনোকোফিলিপসের গ্যাসের দাম বাড়ালে বাংলাদেশের সমস্যা হবে না।
দুই নেতা বলেন, কোম্পানির দাবি ও প্রতিমন্ত্রীর যুক্তি তিন কারণে গ্রহণযোগ্য নয়। ১. মিয়ানমার দীর্ঘদিন সামরিক শাসনের অধীন একটি দেশ। একটি ক্ষুদ্র গোষ্ঠীর লুণ্ঠন ও সম্পদ পাচারের স্বার্থে সেখানে নীতি প্রণয়ন ও চুক্তি স্বাক্ষর হয়ে আসছে। এ পরিণতি বাংলাদেশ মেনে নিতে পারে না। ২. আগামী কয়েক বছর আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বাড়বে—এটা নিশ্চিতভাবে কেউ বলতে পারে না। কারণ, এক দশকে গ্যাসের আন্তর্জাতিক দামে ওঠা-নামা হয়েছে। ৩. আন্তর্জাতিক বাজারদর যা-ই হোক, চুক্তি করার পর দাম বাড়ানোর প্রস্তাব কোনোমতেই গ্রহণযোগ্য নয়।
দুই নেতা আরও বলেন, সরকারের আত্মসমর্পণ ও প্রশ্রয়ের কারণেই কনোকোফিলিপস অতিরিক্ত দাবি করার সাহস পাচ্ছে। এটা পূরণ হলে হাজির হবে শেভরনসহ অন্যরা। কিছুদিন আগেই ভারতীয় কোম্পানি ওএনজিসিকে বর্ধিত দামের সুবিধা দেওয়ার জন্য পিএসসি-২০১২ সংশোধন করা হয়েছে। এর ফলে এ অবস্থা তৈরির সুযোগ হয়েছে। বিজ্ঞপ্তি।