কনোকো ফিলিপসের সঙ্গে পিএসসি সই হতে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য মার্কিন কোম্পানি কনোকো ফিলিপসের সঙ্গে পেট্রোবাংলার উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) সইয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। সমুদ্রবক্ষের ১০ ও ১১ নম্বর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে পিএসসি স্বাক্ষর প্রক্রিয়ার অংশ হিসেবে গতকাল বুধবার থেকে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। আজ বৃহস্পতিবারও আলোচনা চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।সূত্র জানায়, গত মঙ্গলবার জ্বালানি মন্ত্রণালয়ে সরকার ও কনোকো ফিলিপসের মধ্যে আলোচনার পর গতকাল সারা দিন ধরে পেট্রোবাংলায় উভয় পক্ষ আলোচনা করে। এই আলোচনায় পিএসসির প্রতিটি বিষয়, ধারা-উপধারা ও প্রতিটি লাইন ধরে আলোচনা হয়। এতে মৌলিক কোনো বিষয়ে বিরোধ দেখা দেয়নি। কনোকো ফিলিপসের পক্ষ থেকে একটি মৌলিক দাবি ছিল, দরপত্রে অংশ নিয়ে তারা যে আটটি ব্লকের জন্য যোগ্য বিবেচিত হয়েছিল, তার মধ্যে দুটি সম্পর্কে এখন পিএসসি হলেও অন্য ছয়টি ব্লকেও ভবিষ্যতে তারাই কাজ পাবে—এই মর্মে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা। কিন্তু সরকার কোনোভাবেই তাতে রাজি না হওয়ায় তারা ওই দাবি থেকে সরে আসে।তবে মডেল পিএসসিতে বিরোধ মীমাংসার স্থান হিসেবে শুধু ঢাকাকে নির্ধারণ না করা, ব্লকগুলোর যে এলাকা নিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বিরোধ রয়েছে, বিরোধ মীমাংসার পর সে এলাকাও তাদের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিতে অন্তর্ভুক্ত করা প্রভৃতি বিষয়ে কনোকোর দাবি সরকার মেনে নিতে সম্মত হয়েছে বলে জানা গেছে।এর আগে যাতে উভয় পক্ষ প্রয়োজনীয় অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করতে পারে, সে জন্য পেট্রোবাংলা ও কনোকোর মধ্যে একটি সম্মত কার্যবিবরণী স্বাক্ষরিত হতে পারে। আজকালের মধ্যে এই কার্যবিবরণী স্বাক্ষরিত হলে আসন্ন শীত মৌসুমেই কনোকো ১০ ও ১১ নম্বর ব্লকে অনুসন্ধানকাজ শুরু করতে পারে। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর গতকাল রাতে প্রথম আলোকে বলেন, মডেল পিএসসি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তাতে কোনো বিষয়েই বিশেষ কোনো দ্বিমত দেখা দেয়নি।