কনোকোফিলিপসের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ
যুক্তরাষ্ট্রের কোম্পানি কনোকোফিলিপসের সঙ্গে সরকারের তেল-গ্যাস উত্তোলন চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ ও মিছিল করেছে তেল-গ্যাস ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখা। গতকাল বুধবার তারা শহরের চাষাঢ়ার নারায়ণগঞ্জ পৌর শহীদ মিনারে সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার আহ্বায়ক রফিউর রাব্বি। বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় নেতা প্রকৌশলী ম. ইনামুল হকসহ স্থানীয় নেতা রুহিন হোসেন, শুভাংশু চক্রবর্তী, টিপু বিশ্বাস, কামরুল হাসান, মাহবুবুর রহমান প্রমুখ।সভায় বক্তারা বলেন, কনোকোফিলিপস আমেরিকাতেই একাধিক দুর্ঘটনা ঘটিয়েছে। অথচ এ অনভিজ্ঞ কোম্পানিকে বঙ্গোপসাগরের তেল-গ্যাস উত্তোলনের দায়িত্ব দেওয়া হয়েছে। তা-ও আবার এই শর্তে যে উত্তোলিত সম্পদের ৮০ ভাগ তারা নিয়ে যাবে। তারা এই চুক্তিকে ‘দেশবিরোধী চুক্তি’ হিসেবে আখ্যায়িত করে তা বাতিলসহ সাত দফা দাবি তুলে ধরেন। মঙ্গলবার থেকে জাতীয় কমিটি পাঁচ মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে।