কনোকোর সঙ্গে পিএসসি স্বাক্ষরে মন্ত্রিসভা কমিটির অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানের জন্য মার্কিন কোম্পানি কনোকো ফিলিপসের সঙ্গে উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গত সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়।সরকারের সংশ্লিষ্ট সূত্র জানায়, এখন যত তাড়াতাড়ি সম্ভব পিএসসি স্বাক্ষরের জন্য কনোকো ফিলিপসকে আহ্বান জানানো হবে। তাদের সঙ্গে গভীর সমুদ্রের ১০ ও ১১ নম্বর ব্লকের বিরোধহীন এলাকায় অনুসন্ধানের জন্য চুক্তি হবে। সরকারের লক্ষ্য হবে আগামী শীত মৌসুমেই ওই দুই ব্লকে অনুসন্ধান শুরু করা।সূত্র আরও জানায়, অগভীর সমুদ্রের পাঁচ নম্বর ব্লকে অনুসন্ধানের জন্য আইরিশ কোম্পানি টাল্লো যোগ্য বিবেচিত হলেও তাদের সঙ্গে এখন চুক্তি হবে না। কারণ, ওই ব্লকটির অধিকাংশ জায়গাই প্রতিবেশী দেশের সঙ্গে বিরোধপূর্ণ।দেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছিল গত তত্ত্বাবধায়ক সরকারের সময়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তিনটি ব্লকের (১০, ১১ ও ৫) জন্য পিএসসি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী কনোকো ও টাল্লোর সঙ্গে কয়েক দফা দীর্ঘ আলোচনা হয়। শেষ পর্যন্ত কনোকো ফিলিপস রাজি হয়।বর্তমানে দেশের অগভীর সমুদ্রবক্ষে একমাত্র ১৬ নম্বর ব্লকে যৌথভাবে কাজ করছে অস্ট্রেলীয় কোম্পানি স্যান্টোস ও আমেরিকান কোম্পানি হেলিবার্টন। এ ছাড়া ফরাসি কোম্পানি টোটাল গ্যাস ১৭ ও ১৮ নম্বর ব্লক টাল্লোর কাছ থেকে কিনে নিয়ে ভূকম্পন জরিপ চালিয়েছিল, কিন্তু তেমন কোনো সম্ভাবনা না দেখে তারা চলে যায়। এ তিনটি ক্ষেত্রে অনুসন্ধানের পিএসসি করা হয়েছিল দ্বিতীয় দফা বিডিংয়ে।