কন্যার নিকাহ রেজিস্ট্রার হওয়ার সুযোগবঞ্চিতের উপবিধি নিয়ে হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

সিটি করপোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ এলাকার কোনো নিকাহ রেজিস্ট্রারের মৃত্যু বা অবসরের কারণে তাঁর লাইসেন্সের কার্যকারিতা শেষ হলে উপবিধি অনুসারে প্রার্থী বাছাই ও লাইসেন্স মঞ্জুরের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারের ছেলেসন্তানকে যোগ্যতা থাকা সাপেক্ষে অগ্রাধিকার দিতে হবে। মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালার এমন উপবিধি নিয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

বিধিমালার ওই উপবিধি (৬ক) কেন সংবিধান ও ১৯৭৪ সালের মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন আইনের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালার ৬(ক) উপবিধির বৈধতা নিয়ে চলতি মাসে ছয়টি বেসরকারি সংগঠন রিটটি করে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন, সঙ্গে ছিলেন আইনজীবী শারমিন আকতার ও মো. শাহীনুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ও সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান।

পরে আইনজীবী শারমিন আকতার প্রথম আলোকে বলেন, নিকাহ রেজিস্ট্রার পদে যোগ্যাতা থাকা সত্ত্বেও ৬(ক) উপবিধির কারণে কন্যাসন্তানেরা নিকাহ রেজিস্ট্রার পদে নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন। এটি বৈষম্যমূলক ও সমতা নীতির পরিপন্থী। যে কারণে রিটটি করা হয়। আদালত রুল দিয়েছেন। আইন সচিব ও জনপ্রশাসন সচিবকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনকারী সংগঠনগুলো হচ্ছে, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, আইন ও সালিশ কেন্দ্র, আওয়াজ ফাউন্ডেশন, বাংলাদেশ মহিলা পরিষদ, ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্ট এবং নারীপক্ষ।