কন্যাশিশু দিবস ২০১৫: কিশোরী শক্তি ও সক্ষমতা রূপকল্প ২০৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ অক্টোবর ২০১৫, প্রথমআলো ও ইউএনএফপিএর আয়োজনে ‘কন্যাশিশু দিবস ২০১৫: কিশোরী শক্তি ও সক্ষমতা রূপকল্প ২০৩০’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে প্রকাশিত হলো।
.
.

আলোচনা 

আব্দুল কাইয়ুম: শিশুদের সুন্দর ভবিষ্যতের জন্য এখনই বিনিয়োগ করা প্রয়োজন। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এমডিজি) বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) সাফল্য অর্জন করতে হলে মেয়ে ও ছেলেশিশুর অধিকার সমানভাবে নিশ্চিত করা জরুরি।

আজকের কন্যাশিশু ২০৩০ সালে পরিণত কিশোরী হবে। তাই কন্যাশিশুর জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে। কন্যাশিশুর পুষ্টি, বয়ঃসন্ধিকালের শিক্ষা, যৌন ও প্রজনন স্বাস্থ্যের বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। যেকোনো ধরনের শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন বন্ধ হওয়া জরুরি। এসব নিয়ে আজকের আলোচনা। এখন আলোচনা করবেন মেহের আফরোজ চুমকি।

মেহের আফরোজ চুমকি

মেহের আফরোজ চুমকি
মেহের আফরোজ চুমকি

১১ অক্টোবর কন্যাশিশু দিবস উপলক্ষে আজকের এ আলোচনা। বাংলাদেশের সবার একটি সুন্দর ভবিষ্যৎ হবে, এটি এখন আর কোনো স্বপ্ন নয়। বাস্তব। এ লক্ষ্যে সরকার কাজ করছে। এখন দেশে–বিদেশে প্রায় সবাই বাংলাদেশের প্রশংসা করেছেন। আমাদের অর্জন যেমন আছে, তেমনি অনেক চ্যালেঞ্জও আছে। আমাদের এবারের শিশু দিবসের স্লোগান: ‘শিশু গড়বে সোনার দেশ, যদি সে পায় পরিবেশ’। বাংলাদেশে এখন শিশুর সংখ্যা সবচেয়ে বেশি। এসব শিশুর জীবনমানকে উন্নত করে গড়ে তুলতে হবে।
শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, লেখাপড়া—সবকিছুকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। আজকের শিশু সুন্দরভাবে গড়ে উঠতে না পারলে ভবিষ্যতে তারা সুন্দর বাংলাদেশ গড়তে পারবে না।মেয়েশিশুদের যাতে শিশুবয়সে বিয়ে না হয়, সে জন্য আমাদের সরকার কাজ করছে।|
মেয়ে ও ছেলেশিশুদের মধ্যে কোনো বৈষম্য করা যাবে না। প্রত্যেক অভিভাবকের উচিত মেয়ে ও ছেলেকে সমান গুরুত্ব দিয়ে মানুষ করা। দেশে শিক্ষার ক্ষেত্রে এখন মে​েয়রা এগিয়ে আছে। মেয়েরা সব ক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজ করছে। তাই মেয়েশিশুদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের মানুষ করতে হবে।

মুহাম্মদ মুুনির হোসেন

মুহাম্মদ মুুনির হোসেন
মুহাম্মদ মুুনির হোসেন

এমডিজি (সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য) শেষ হওয়ার পর এসডিজিতে (টেকসই উন্নয়ন লক্ষ্য) ১৭টি বিষয়ে ১৬৯টি লক্ষ্য একসঙ্গে নেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এবার আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য বিষয় ‘দ্য পাওয়ার অব দ্য অ্যাড​েলসেন্ট গার্ল: ভিশন ২০৩০’। এই বিষয়টা মেয়েশিশুর শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক দক্ষতা ইত্যাদির ক্ষেত্রে বিনিয়োগের গুরুত্ব সামনে নিয়ে এসেছে।
এখন দেখি আমাদের দেশে কিশোরীদের অবস্থা কী? গর্ভপূর্ব ও পরবর্তী সেবার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। কিশোরীদের ৬৩ শতাংশের সন্তান প্রসব হয় বাড়িতে। বাড়িতে প্রসবের সময়ে অধিকাংশ ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত সেবিকা থাকেন না। ১৫ থেকে ১৯ বছরের কিশোরীদের অর্ধেক শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের শিকার হয় তাদের স্বামীর দ্বারা। এদের অধিকাংশই চিকিৎসা ও আইনি সহযোগিতা নিতে চায় না। ৬২ শতাংশ তরুণী ঘরের বাইরে যেতে নিরাপদ বোধ করেন না।
শিক্ষার সঙ্গে বাল্যবিবাহের একটা সম্পর্ক আছে। যেমন যাদের বাল্যবিবাহ হয়, তাদের ৮৩ শতাংশের কোনো শিক্ষা নেই। আবার এসএসসি পাস করা মেয়েদের বাল্যবিবাহের হার হলো ২১ শতাংশ। এটা থেকে পরিষ্কার বোঝা যায়, শিক্ষার ক্ষেত্রে বিনিয়োগ করা কত জরুরি। পোশাকশিল্প ছাড়া অন্যান্য ক্ষেত্রে মেয়েদের চাকরির সুযোগ খুব সীমিত।

এসডিজির আলোকে কিশোরীদের জন্য মানসম্মত শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি ব্যবহার ইত্যাদি​র ক্ষেত্রে বিনিয়োগ করতে হবে। এ ছাড়া অন্যান্য শিক্ষার সুযোগ বৃদ্ধির জন্য আরও বিনিয়োগ করতে হবে, যাতে মেয়েরা জীবন, কর্ম ও নেতৃত্বের জন্য প্রস্তুত হতে পারে।

কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টির জন্য বিনিয়োগ করা, যাতে বয়ঃসন্ধিকালীন শিক্ষা, মাসিক চলাকালীন সুস্থ থাকার উপায় এবং যৌন ও প্রজনন স্বাস্থ্যবিষয়ক শিক্ষা ও সেবা নিশ্চিত হয়। কিশোরীদের শারীরিক, মানসিক ও যৌন নিপীড়ন বা সহিংসতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে হবে।

বাল্যবিবাহ বন্ধ করতে ও নারীর যৌন স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় অর্থনৈতিক, সামাজিক ও নীতিগত উদ্যোগ নেওয়া জরুরি। কিশোরীর নাগরিক ও রাজনৈতিক সংশ্লিষ্টতা, সৃজনশীলতা ও মেধা বিকাশের সুযোগ তৈরি করা প্রয়োজন।

কিশোরীদের জন্য প্রযোজ্য জেন্ডার-বিষয়ক ও নীতিমালা প্রণয়ন করতে হবে। এ ছাড়া প্রতিবন্ধী, অরক্ষিত ও প্রান্তিক, মানবপাচার ও যৌন নিপীড়নের ঝুঁকিতে থাকা কিশোরীদের বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করা দরকার।

আবদুল্লা আল মামুন

আবদুল্লা আল মামুন
আবদুল্লা আল মামুন

বাল্যবিবাহের জন্য দারিদ্র্য যতটা না কাজ করছে, তার চেয়ে বেশি কাজ করছে সামাজিক নিরাপত্তাহীনতা। বাল্যবিবাহ প্রতিরোধের জন্য সমাজকে দায়িত্ব নিতে হবে।
বাল্যবিবাহ বন্ধের জন্য একপক্ষীয় কাজ হচ্ছে। অর্থাৎ পরিবারের অশিক্ষা, দারিদ্র্য এসব বিষয়কে দায়ী করছি। কিন্তু মূলত যে কারণে বাল্যবিবাহ হচ্ছে, সেখানে যথেষ্ট কাজ হচ্ছে না। যেমন যে ছেলেটি পথে মেয়েদের উত্ত্যক্ত করে, যে সমাজ নিরাপত্তা দিতে পারছে না, যে মধ্যপ্রাচ্য থেকে ফিরে বাল্যবিবাহ করতে চায়—এসব ক্ষেত্রে আমাদের অনেক কাজ করতে হবে।
ছোটবেলা থেকেই ​মেয়েদের প্রতি সম্মানবোধ, সমমর্যাদার বিষয়টি শেখাতে হবে। অভিজ্ঞতা থেকে দেখেছি, দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত কিশোরীদের তিনটি নিয়তি: এক. কিশোরীদের বাল্যবিবাহ দেওয়া, দুই. পোশাকশিল্পে কাজের জন্য পাঠানো, তিন. অন্যের বাসাবাড়িতে কাজে দেওয়া।
পোশাকশিল্পে ১৪ বছর বয়স পর্যন্ত শিশু ধরা হয়, কিন্তু এখানে ১৪ থেকে ১৮ বছর পর্যন্ত শিশুরা কিন্তু কাজ করছে। বাসাবাড়িতে কাজের কোনো নীতিমালা এখনো হয়নি। ২০০৬ সালের শ্রম আইন ২০১৩ সালে সংশোধিত হয়েছে। কিন্তু এ আইনে বাসাব​াড়িতে কর্মরত মানুষদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয় না।

প্রযুক্তির বিষয় এসেছে। প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে অনেক কিশোরীর জীবন ধ্বংস হয়ে গেছে। প্রেম-ভালোবাসাসহ বিভিন্ন কারণে কিশোরীদের পর্নোগ্রাফি মোবাইলের মাধ্যমে বাজারে ছেড়ে দিচ্ছে। এর ফলে ২০১৪ সালে ১৩ জন মেয়ে আত্মহত্যা করেছে। এ ছাড়া পালিয়ে যাওয়া, নিরুদ্দেশ হওয়া, স্থানান্তরসহ বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। এমডিজির মতো আমরা যদি এসডিজিতেও সফল হতে চাই, তাহলে অবশ্যই মেয়েশিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
শফিউর রহমান

শফিউর রহমান
শফিউর রহমান

স্কুল হেলথ প্রোগ্রাম প্রাথমিক শিক্ষা পর্যন্ত। অ্যাড​েলসেন্ট (কিশোর–কিশোরী) ১০ থেকে ১৯ বছর পর্যন্ত। ২০১১ সাল পর্যন্ত সরকারি পর্যায়ে কিশোরীদের জন্য কোনো স্বাস্থ্য কর্মসূচি ছিল না। অ্যাড​েলসেন্ট স্বাস্থ্যের জন্য ২০১১-১৬ সাল পর্যন্ত একটা পরিকল্পনা হলো। এটাকে বলা হয় হেলথ পপুলেশন অ্যান্ড নিউট্রিশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এইচপিএনএসডিপি)।
বাংলাদেশে ৩০ শতাংশ অ্যাড​েলসেন্ট। এর ১৫ শতাংশ কিশোরী। আমরা এক ভিত্তি–জরিপে কিশোরীদের বিভিন্ন সমস্যা দেখেছি। এসব সমস্যার কিছু খুব ভয়াবহ। যেমন যশোর ঝিকরগাছা উপজেলার একটা মেয়ে নবম শ্রেণিতে পড়ে। তার মাসিক হয়েছে। একটি পুরান কাপড় পরে স্কুলে গেছে। স্কুল থেকে ফিরে কাপড়টি এক অন্ধকার স্যাঁতসেঁতে জায়গায় রেখেছে। পরের দিন আবার সেই কাপড়টি পরে স্কুলে যাওয়ার পর প্রচণ্ড যন্ত্রণা অনুভব করে। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে। হাসপাতালে নেওয়ার পর মেয়েটির মৃত্যু হয়। ময়নাতদন্তে জানা যায়, তার জরায়ুতে দুটো সাপের বাচ্চা ছিল।
একটা সময় পর থেকে ছেলেমেয়েদের কিছু শারীরিক প্রক্রিয়া হতে থাকে। সৃষ্টির শুরু থেকেই এটা চলে আসছে। অথচ আজও এ বিষয়ে সমাজে আলোচনা হয় না। অমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একত্রে কাজ শুরু করলাম। শিক্ষার্থীদের বিষয়টি জানানোর উদ্যোগ নিলাম।

প্রতিটি স্কুলের একজন শিক্ষককে মেয়ে ও ছেলেদের শারীরিক পরিবর্তনের বিষয়গুলো শেখালাম, যাতে তিনি শিক্ষার্থীদের ​শেখাতে পারে। পরবর্তী সময়ে এর সঙ্গে আমরা নিউট্রিশন যোগ করেছি।

সচেতন কার্যক্রমে শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের যুক্ত করেছি। মাদকাসক্তের বিষয় সচেতন করার উদ্যোগ নিয়েছি। সামগ্রিকভাবে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সচেতনতা কার্যক্রমের মাধ্যমে এখন যথেষ্ট উন্নতি লক্ষ করছি। দেশের ১৩টি জেলায় কিশোর-কিশোরীকেন্দ্র খোলা হয়েছে, এখান থেকেও তাদের শারীরিক বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়। ভবিষ্যতে মেয়েশিশুদের জীবনমানের উন্নয়ন করতে হলে এখন থেকে তাদের নিবিড় পরিচর্যার মধ্যে আনতে হবে।

নাসিমা আক্তার জলি

নাসিমা আক্তার জলি
নাসিমা আক্তার জলি

আমাদের এবারের কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য বিষয়: ‘কন্যাশিশুর নিরাপদ পরিবেশ, সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ’।
২০১১ সালে নতুন করে নারী ও শিশু উন্নয়ননীতি করা হয়েছে, যেখানে মেয়েশিশুদের গুরুত্ব দেওয়া হয়েছে। তবে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। গত ২৫ সেপ্টেম্বর বিশ্বের ১৯৩টি দেশ টেকসই উন্নয়নের করণীয় বিষয় ঠিক করেছে। এর পাঁচ নম্বর করণীয়তে বলা হয়েছে, নারী ও মেয়েশিশুর ক্ষমতায়ন।
১৮৫টি ইউনিয়নে কাজ করছি। সেখানে মেয়েদের টয়লেটের খুব অভাব রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে টয়লেট নেই। কোনো জায়গায় হয়তো একটি টয়লেট আছে শিক্ষকদের জন্য, তাও আবার তালা দেওয়া থাকে।
মেয়েদের মাসিক হলে স্কুলে আসে না। কারণ, স্কুলে মাসিক ব্যবস্থাপনা নেই। একবার স্কুলে আসা বন্ধ হলে পরবর্তী সময়ে আসার আগ্রহ হারিয়ে ফেলে। যৌন নির্যাতনের বিষয়টি তারা একেবারেই এড়িয়ে যায়। অভিজ্ঞতায় দেখেছি, স্কুলের শিক্ষক, এলাকার নেতা, বখাটেরা যৌন নির্যাতন করে। এসব কাজে অনেকে রাজনৈতিক শক্তিকেও ব্যবহার করে।

পুষ্টির একটা বড় রকমের ঘাটতি রয়েছে। পাঁচ বছরের মেয়েশিশুরা ছেলেদের থেকে ১৬ ভাগ এবং ৫ থেকে ১৪ বছর বয়সের মেয়েশিশুরা ছেলেদের থেকে ১১ ভাগ ক্যালরি কম পায়। আমরা অভিভাবকেরাই তাদের কম দিই। একজন পুষ্টিহীন মেয়েশিশুর বিয়ে হলে তার সন্তানও হবে পুষ্টিহীন।

মেয়েদের জন্য নিরাপদ স্কুল নামে পাঁচটি স্কুলে কাজ করছি। এখানে একজন নারী শিক্ষক থাকবেন, যিনি মেয়েদের সার্বিক সহযোগিতা দেবেন। স্কুলে অবশ্যই বাথরুম থাকবে। এসব স্কুলে আমরা কিছু স্যানিটারি প্যাড রাখার ব্যবস্থা করেছি। স্থানীয়দের নিয়ে একটি কমিটি করেছি, যাতে যাওয়া-আসার সময় পথে কোনো সমস্যা না হয়।

দীপা খন্দকার

দীপা খন্দকার
দীপা খন্দকার

বেগম রোকেয়া থেকে এখন পর্যন্ত নারীদের অনেক উন্নতি হয়েছে। ২০৩০ সালের আগেই হয়তো আমাদের আর কন্যাশিশু দিবস পালন করতে হবে না। এখন রাত ১২টায়ও মেয়েরা চলাফেরা করে। প্রতি ঘরে প্যারেন্টিং জরুরি।
আমরা ইচ্ছে করলেই বিয়ে করছি। ইচ্ছেমতো সন্তান নিচ্ছি। কিন্তু সে সন্তান কীভাবে মানুষ হবে, সে ব্যাপারে কোনো চিন্তা নেই। আমার একটা বোনের ছেলের বয়ঃসন্ধিকাল চলছে। সে একবার বলেছে, ‘আমার এসব জানতে ভালো লাগে না।’ আমি তখনই বললাম, তোমার কেন ভালো লাগে না? জীবনের জন্য অন্য সব বিষয়ের মতো এটাও জরুরি।
তাকে শারীরিক প্রক্রিয়ার ভালো-মন্দ দিক বোঝালাম। বাসা বা বাড়ি থেকে কেন বিষয়টি সহজ করা হচ্ছে না? এটা গোপন রাখার কোনো বিষয় নয়। যত গোপন থাকবে, ততই কিশোর-কিশোরীরা ক্ষতিগ্রস্ত হবে।
মেয়েদের মাসিকের বিষয়টি নিয়েও বাসায় ফিসফাস ভাব। যেন কেউ না জানে। এটা কেন? বাসা থেকে কেন বিষয়টিকে সহজ করা হয় না?
আমরা ছেলেদের বলে থাকি, মেয়েদের মতো কাঁদো কেন, ভয় পাও কেন ইত্যাদি। এগুলো বলে ছেলেমেয়ের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হয়। আমি মনে করি, বাংলাদেশের প্রতিটা ঘরকে সুন্দর করতে হবে। তাহলে আমরা নারী-পুরুষ সম-অধিকারসম্পন্ন একটি বাংলাদেশ পাব।

আসমা আক্তার

আসমা আক্তার
আসমা আক্তার

আমার দায়িত্ব হলো তথ্যগুলোকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। ২০০৩ সালে নারীর প্রতি সহিংসতা নিয়ে দীপা খন্দকারসহ আমরা একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলাম। আজ ২০১৫, সহিংসতা কি এতটুকু কমেছে? এখন সে প্রশ্ন সবার। শিক্ষার ক্ষেত্রে মেয়েদের উপস্থিতি অনেক বাড়লেও মেয়েশিশুদের প্রতি পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গির তেমন কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তনের লক্ষ্যে সরকার ও আমরা একসঙ্গে কাজ করছি। সবাই একসঙ্গে কাজ করলে নিশ্চয়ই নারীর প্রতি সহিংসতা কমবে।
১১ অক্টোবর কন্যাশিশু দিবস, এটা প্রথমে শুরু করেছিল ইউএনএফপিএ। আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে ইউএনএফপিএর নির্বাহী পরিচালক, বাবাটুন্ডে ওসাতিমেহিন আজকের অনুষ্ঠানের জন্য সংক্ষেপে কিছু বলেছেন, আমি সেটি পড়ে শোনাচ্ছি।
‘আজ এই আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে আশা করি কিশোরীদের নির্যাতন ও বৈষম্য বন্ধ হবে। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী সব অধিকার তাদের থাকবে। কোথায় সে জন্মেছে, সেটা কোনো বিষয় নয়। তার শক্তিকে কাজে লাগানোর সুযোগ করে দিতে হবে। প্রজনন ও যৌন শিক্ষাসহ সব ধরনের শিক্ষা যেন মেয়েশিশুরা পায়। তাদের এমন পরিবেশ দিতে হবে, যাতে তারা সব ক্ষেত্রে তাদের যোগ্যতার প্রমাণ দিতে পারে।

‘কিশোরীদের বিয়ে দেওয়াই সমাধান নয়। তাদের শিক্ষা, বিনোদন, স্বাধীনতাসহ সব সুযোগ–সুবিধা দিয়ে পরিবার ও সমাজে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা সম্মানের সঙ্গে কাজ করতে পারে ও আয় করতে পারে।

‘টেকসই উন্নয়নের জন্য কিশোরীদের নির্যাতনমুক্ত পরিবেশ দিতে হবে। একটি মেয়েশিশুও যেন নির্যাতিত না হয়, এ ব্যাপারে এখনই কার্যকর ভূমিকা নেওয়া জরুরি।

‘জাতিসংঘ জনসংখ্যা তহবিল কিশোরীদের স্বাস্থ্য ও অধিকার সুরক্ষায় সরকারি, বেসরকারি উন্নয়ন–সহযোগী, সুশীল সমাজ—সবার সঙ্গে কাজ করে যাবে।’

ওয়াহিদা বানু

ওয়াহিদা বানু
ওয়াহিদা বানু

অপরাজেয় বাংলাদেশ ২০ বছর ধরে কাজ করছে। এ সময়ে আমরা ১১ লাখ পথশিশুকে পড়ালেখা শিখিয়ে মূলধারায় এনেছি। প্রায় পাঁচ শ শিশু আমাদের সঙ্গে কর্মী হিসেবে কাজ করছে। বছরে আড়াই লাখ শিশুকে সেবা দিয়ে থাকি। ২০০ আশ্রয়কেন্দ্র আছে, যেখানে ১২ হাজার শিশু থাকতে পারে। মূলত আমরা পথশিশু, পতিতালয়ের শিশু ও অন্য প্রান্তিক শিশুদের নিয়ে কাজ শুরু করি।
আমার অনেক দিনের একটি স্বপ্ন ছিল, বাংলাদেশে যেন ৫ থেকে ১০ টাকায় মেয়েদের স্যানিটারি ন্যাপকিন পাওয়া যায়। এটা সম্ভব হয়নি।
তবে মেয়েদের স্যানিটারি ন্যাপকিন তৈরি করা শিখিয়েছি। এতে খরচ পড়ে ১০ থেকে ১৪ টাকা। এটা তারা ব্যবসায়িক ভিত্তিতেও করতে পারে।
আমাদের আওতার বাইরে যেসব পথশিশু রয়েছে, তাদের ৭০ ভাগ মাদকাসক্ত। কারওয়ান বাজার, আজিমপুর গোরস্থান, বাস-ট্রেন স্টেশন, পার্ক ইত্যাদি জায়গায় ব্যাপক হারে শিশুরা মাদক নিচ্ছে।
পথ ও শ্রমজীবী শিশুদের ১০ টাকায় হিসাব খোলার ব্যবস্থা করেছি। এটা তাদের বড় হওয়ার স্বপ্ন তৈরি করেছে ও আত্মবিশ্বাস বাড়িয়েছে। শিশুদের জন্য ১০৯৮ নম্বরের একটি হেল্প লাইন চালু করেছি। গত চার বছরে ২০ হাজার কল গ্রহণ করেছি। এদের ৬০০ শিশুকে আমরা সমাজে প্রতিষ্ঠিত করেছি।

ঢাকা শহরের ২২টি থানায় আমাদের মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং করা আছে। যেকোনো জায়গা থেকে শিশুদের দায়িত্ব নিতে পারি। পুলিশের সঙ্গে আমা​েদ​র সম্পর্ক ভালো।

শিশুর ভেতরের আলো জ্বালিয়ে দিতে হবে। তাহলে তারা জীবন গড়ার স্বপ্ন দেখতে পারবে।

শিমুল কলি হোসেন 

শিমুল কলি হোসেন
শিমুল কলি হোসেন

আমরা মা ও শিশুস্বাস্থ্য, পুষ্টিসেবা, যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা দিয়ে থাকি। উপজেলা পর্যায়ে এমসিএইচ ইউনিট (সেবাকেন্দ্র) থেকে মা, শিশুস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসেবা প্রদান করা হয়। ৩০ হাজার মানুষকে সেবা প্রদানের জন্য ইউনিয়ন পর্যায়ে পরিবার কল্যাণকেন্দ্র আছে। আরও তৃণমূল পর্যায়ে রয়েছে কমিউনিটি ক্লিনিক।
এখানে স্বাস্থ্যকর্মীরা সেবা দিয়ে যাচ্ছেন। দেশের ২৫ শতাংশ মানুষের বয়স ১০ থেকে ১৯ বছর। সরকার এদের স্বাস্থ্যসেবা প্রদান করার কাজ করে যাচ্ছে। পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য অধিদপ্তর দুই জায়গা থেকেই কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।
সম্প্রতি ১৩টি জেলায় ১০৮টি কৈশোরবান্ধব সেবাকেন্দ্র চালু করেছি। এসব কেন্দ্রে একেবারে ঘরোয়া পরিবেশে কিশোর–কিশোরীরা যৌন ও প্রজনন স্বাস্থ্যসহ সব বিষয় জানতে পারে। এখানে বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করা হয়। যারা যৌন, শারীরিক ও মানসিক নির্যাতন নিয়ে আসে, তাদের রেফার করার ব্যবস্থা আছে।

দিন দিন আমরা সেবা সম্প্রসারিত করছি। অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী শিশুদের জন্যও বিশেষ সেবা রয়েছে। এর মধ্যে পুষ্টি অন্যতম। তা ছাড়া তাদের কৃমি প্রতিরোধ, খাওয়ার আগে হাত ধোয়া, ছয় মাস পর্যন্ত বুকের দুধ, সম্পূরক খাবার খাওয়ানো ইত্যাদি বি​ষয়ে পরামর্শ দেওয়া হয়। আমরা স্বাস্থ্যসেবার সঙ্গে জনসম্পৃক্ততা বাড়াচ্ছি। বছরব্যাপী আমাদের স্বাস্থ্যসেবা কার্যক্রম চলতে থাকে।

শাবনাজ জাহেরীন

শাবনাজ জাহেরীন
শাবনাজ জাহেরীন

জাতিসংঘের শিশুসনদের চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের একটি হলো বৈষম্য। এই বৈষম্যের জন্যই কিন্তু কন্যাশিশু দিবসের বিষয়টি এসেছে। বৈষম্যের জন্যই মেয়েশিশুদের আলাদা করে দেখছি। এসব ক্ষেত্রে দেশে কাজও হচ্ছে। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তরগুলো, উন্নয়ন–সহযোগী প্রতিষ্ঠান—সবাই কাজ করছে। সরকারের ভালো উদ্যোগ আছে। কিন্তু কাজগুলোর মধ্যে কোনো সমন্বয় নেই। সমন্বয়ের দায়িত্ব মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের। এখন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় শিশুদের জন্য একটি আলাদা বিভাগ খোলার উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগ আরও আগে নিতে পারলে ভালো হতো। কারণ, শিশুদের জন্য আলাদাভাবে কেউ তেমন কিছু করছে না।
সব ক্ষেত্রে তদারকির ওপর জোর দিতে হবে। আমাদের অনেক ভালো পরিকল্পনা আছে। শিশুদের জন্য ভালো আইন আছে। বাল্যবিবাহের জন্যও একটি ভালো আইন পাস হওয়ার অপেক্ষায় আছে।
সমস্যা হলো, পরিকল্পনা ও আইন বাস্তবায়নের বাজেট থাকে না। শিশু সুরক্ষা পরিকল্পনা ও আইন বাস্তবায়নের যেন বাজেট থাকে। আবার বাজেট কোথা থেকে আসবে, কীভাবে খরচ হবে, তারও যেন একটি পরিকল্পনা থাকে। দ্রুত নগরায়ণের ফলে শহরে শিশুদের চাপ দিন দিন বাড়তে থাকবে, এই শিশু সুরক্ষার বিষয়টি এখন থেকে ভাবতে হবে। সরকারের উচিত হবে অগ্রাধিকার ভিত্তিতে কিশোর-কিশোরীদের জন্য কাজ করা।

রেজিনা আখতার

রেজিনা আখতার
রেজিনা আখতার

৬৪টি জেলায় শিশু একাডেমী আছে। কেন্দ্র থেকে এসব একাডেমীতে কার্যক্রম পরিচালনা করা হয়। আমাদের কার্যক্রমের মাধ্যমে শিশুদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশ ঘটে। ২০৩০ সালে কিশোরীদের শক্তি ও সক্ষমতা তৈরি করতে হলে এখনই তাদের শিক্ষা, স্বাস্থ্যসহ সব বিষয়ে গুরুত্ব দিতে হবে।
আমরা সে কাজটিই করে যাচ্ছি। বই পড়ে জানার থেকে যদি কোনো বিষয় নাচ–গান, নাটক, অভিনয় ইত্যাদির মাধ্যমে উপস্থাপন করা হয়, তাহলে সেটা বেশি ফলপ্রসূ হয়। আমরা সে কাজটি করে যাচ্ছি।
মেয়ে ও ছেলেদের বৈষম্য কমানোর জন্য সাতটি বিভাগে কিশোর-কিশোরী ক্লাব আছে। তারা যদি একসঙ্গে বসে একে অপরের মনের কথা শেয়ার করে, একে অপরকে জানতে-বুঝতে পারে, তাহলে তারা মেয়েদের মেয়ে মনে না করে বন্ধু মনে করবে। তারা মনে করবে না এটা ছেলেরা পরবে, মেয়েরা পারবে না।
আজ যে কিশোরীর বয়স ১৫ বছর বা আজ যে জন্ম নিচ্ছে, ২০৩০ সালে এদের সফল নারী এবং শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তিনির্ভর সফল কিশোরী হিসেবে দেখতে চাই। তাই এখনই শিশুদের জন্য বিনিয়োগ করা জরুরি। সঠিক উদ্যোগ নিতে পারলে ২০৩০ সালের আগেই মেয়েশিশুদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারব। 

রাশেদা কে চৌধূরী

রাশেদা কে চৌধূরী
রাশেদা কে চৌধূরী

একটা প্রশ্ন দিয়ে শুরু করি। সত্যিকার অর্থে বাংলাদেশে মেয়েদের কৈশোর বলে কি কিছু আছে? এই বয়সে তাদের খেলার মাঠ নেই। নাচ–গান করার সুযোগ নেই। এই যখন বাস্তবতা, তাহলে একটা মেয়ের কৈশোর বলে কী থাকে?
মূল্যবোধের শিক্ষাগুলো ঘর থেকেই শুরু করতে হবে। কারণ পারিবারিক শিক্ষা মানুষের জীবনে অনেক প্রভাব ফেলে। কিন্তু যাদের ঘর নেই, তারা কী করবে? ১০ লাখ পথশিশু আছে। তাদের দায়িত্ব কে নেবে? সরকারকেই এদের দায়িত্ব নিতে হবে।
আমাদের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে ভর্তির হার অনেক বেশি। কিন্তু এদের প্রায় ৪০ শতাংশ প্রথম প্রজন্মের শিক্ষার্থী। এরা কীভাবে ঘরে প্যারেন্টিং করবে বা শেখাবে? এ বাস্তবতাগুলো আমাদের মাথায় রাখতে হবে।
আমরা নিম্ন–মধ্য আয়ের দেশ হয়েছি। ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশ হব। আমরা এমন মধ্য আয়ের দেশ হতে চাই না, যেখানে বৈষম্য থাকবে।
অনেক দেশ মধ্য আয়ের দেশ হয়েছে, কিন্তু সেখানে চরম বৈষম্য রয়েছে। শিক্ষার সঙ্গে বাল্যবিবাহসহ জীবনমান সবকিছুর সম্পর্ক রয়েছে। তাই শিক্ষায় বিনিয়োগ করতেই হবে। এর কোনো বিকল্প নেই। ২০০৯ সালের শিক্ষানীতি প্রণয়ন কমিটি বলেছিল, প্রাথমিক স্কুলের ১০০ জন শিক্ষার্থীর মধ্যে ২৭ জন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এখন অবশ্য ৩০ শতাংশ হয়েছে।

কিন্তু ৭০ শতাংশ মাঝখান থেকে হারিয়ে যাচ্ছে। এদের মধ্যে আবার মেয়েদের সংখ্যা বেশি। এই জায়গাটায় আমাদের যথেষ্ট গুরুত্ব দিতে হবে। সরকার দক্ষতা উন্নয়নের অনেক কর্মসূচি নিয়েছে। কিন্তু এসব কর্মসূচিতে মাত্র ৪ শতাংশ মেয়ে যুক্ত হচ্ছে।

মেয়েদের কম অংশগ্রহণের কারণ প্রশিক্ষণের মেয়াদ দীর্ঘ সময়। যেমন এক বছর, দেড় বছর বা দুই বছর। এত সময় মেয়েরা প্রশিক্ষণের জন্য দিতে পারে না। মেয়েদের জন্য স্বল্পমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। ভালো সংবাদ হলো, সরকার এটি আমলে নিয়েছে। সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করলেই কিশোরীদের দ্রুত উন্নয়ন আনা সম্ভব।

মেহের আফরোজ চুমকি: এসডিজি অর্জন করতে হলে আমাদের সবাইকে আরও দ্রুত কাজ করতে হবে। এখানে যাঁরা উপস্থিত আছেন, তাঁদের–আমাদের কাজের মধ্যে খুব একটা পার্থক্য নেই। সবাই একসঙ্গে কাজ করলে দ্রুত লক্ষ্য অর্জন করতে পারব। আমাদের এটা আন্দোলনের মতো করে কাজ করতে হবে।

আগে অনেক শিশুসংগঠন ছিল। এখন এগুলো দেখা যায় না। গ্রামে নিশ্চয়ই কেউ না কেউ ভালো মানুষ আছেন, যিনি অর্থ ছাড়া কাজ করবেন। আমার ইচ্ছা আছে প্রতিটি গ্রামে ভালো মানুষদের নিয়ে একটি সংগঠন করা, যাঁরা শিশু-কিশোর-কিশোরীদের ভালো-মন্দ দেখাশোনার কাজ করবেন।

আমাদের কাছে গৃহকর্মীদের পরিসংখ্যান নেই। তবে এখন মানুষ অনেক সচেতন হয়েছে। কোথাও কিছু ঘটলে সঙ্গে সঙ্গে গণমাধ্যমের সাহায্যে আমরা জানতে পারছি।

তবে শ্রম মন্ত্রণালয়ে গৃহকর্মী আইন পাস হওয়ার অপেক্ষায় আছে। আশা করি, এটা দ্রুত পাস হবে। তখন গৃহকর্মীদের বিষয়গুলো আরও ভালোভাবে জানা যাবে।

যৌন ও প্রজনন স্বাস্থ্যের বিষয় আমাদের কিশোর-কিশোরীরা খুব কম জানে। এ ক্ষেত্রে সরকার কাজ করছে। ঘর থেকে নীতি-নৈতিকতা, মূল্যবোধ শেখাটা খুব জরুরি। আবার যাদের ঘর নেই, তাদের জন্য সরকার কাজ করছে।

প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে মেয়েদের অনেক বিপদে ফেলা হচ্ছে। এসব বিষয়েও সরকার কাজ করছে। টয়লেটের অবস্থা আগের থেকে উন্নত হয়েছে। বর্তমান সরকার বিশেষভাবে কিশোর-কিশোরীসহ সবার জন্য কাজ করছে। খুব নিকট ভবিষ্যতেই আমরা পরিবর্তন দেখতে পাব।

আব্দুল কইয়ুম: কিশোরীদের শক্তি ও সক্ষমতা আগের তুলনায় বেড়েছে। তবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্র​া অর্জন করতে হলে শিক্ষাসহ অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ করতে হবে।

সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিশোরীদের জন্য বিনিয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাববে বলে আশা করি। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

কিশোরীদের দিতে হবে আলোকিত ভবিষ্যৎ

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার মতো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় সাফল্য অর্জন করতে হলে এখনই ​ কিশোরীদের জন্য মানসম্মত শিক্ষা, প্রশিক্ষণ, স্বাস্থ্য, পুষ্টি ও প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ করতে হবে। তাদের নাগরিক ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিশ্চিত করতে হবে। সৃজন​শীলতা ও মেধা বিকাশের সুযোগ দিতে হবে।

* বাংলাদেশে ১৫ থেকে ১৯ বছর বয়সের প্রতি এক হাজার বিবাহিত কিশোরী বছরে ১১৩টি সন্তান জন্ম দেয়, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ এবং পৃথিবীর মধ্যে অন্যতম সর্বোচ্চ। (সূত্র: বিডিএইচএস ২০১৪)

* ১৫ থেকে ১৯ বছর বয়সের বিবাহিত কিশোরীদের অর্ধেকই তাদের স্বামীর দ্বারা শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের শিকার হয়। (সূত্র: ইউনিসেফ ২০১৪)

* মাধ্যমিক শিক্ষায় ভর্তি কিশোরীদের অর্ধেক শিক্ষা শেষ হওয়ার আগেই ঝরে পড়ে

* ৫২ শতাংশ কিশোরীর বিয়ে হয় ১৮ বছরের আগে। (সূত্র: এমআইসিএস ২০১৩)

আলোচনায় সুপারিশ

*   কিশোরীদের মানসম্মত শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বিনিয়োগ করতে হবে

* কিশোরী​র প্রজনন ও যৌন স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় অর্থনৈতিক, সামাজিক ও নীতিগত উদ্যোগ নিতে হবে

*   কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টির জন্য বিনিয়োগ নিশ্চিত করতে হবে

* প্রতিবন্ধী, অরক্ষিত ও প্রান্তিক, মানবপাচার ও যৌন নিপীড়নের ঝুঁকিতে থাকা কিশোরীদের উপযুক্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে

* বাল্যবিবাহ বন্ধ করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে

*  কিশোরীদের স্বল্পমেয়াদি বৃত্তিমূলক প্রশিক্ষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবতে হবে

যাঁরা অংশ নিলেন 

মেহের আফরোজ চুমকি :  প্রতিমন্ত্রী, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়

রাশেদা কে চৌধূরী        :  নির্বাহী পরিচালক, গণসাক্ষরতা অভিযান

মুহাম্মদ মুনির হোসেন    :  ন্যাশনাল প্রোগ্রাম অফিসার, জাতিসংঘ জনসংখ্যা তহবিল, ইউএনএফপিএ

রেজিনা আখতার          :  বিভাগীয় প্রধান, গ্রন্থাগার বিভাগ, বাংলাদেশ শিশু একাডেমী

শফিউর রহমান            :  ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, অ্যাডলেসেন্ট স্কুল হেলথ প্রোগ্রাম, স্বাস্থ্য অধিদপ্তর

শাবনাজ জাহেরীন        :  বিশেষজ্ঞ, শিশু সুরক্ষা, ইউনিসেফ

শিমুল কলি হোসেন       :  কর্মসূচি ব্যবস্থাপক, (এঅ্যান্ডআরএইচ) ডিজিএফপি

নাসিমা আক্তার জলি     :  সেক্রেটারি, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম

আবদুল্লা আল মামুন       :  কর্মসূচি সমন্বয়ক, মানুষের জন্য ফাউন্ডেশন

ওয়াহিদা বানু               :  নির্বাহী পরিচালক, অপরাজেয় বাংলাদেশ

দীপা খন্দকার              :  অভিনয়শিল্পী

আসমা আক্তার             :  কমিউনিকেশন অফিসার, ইউএনএফপিএ

সঞ্চালক

আব্দুল কাইয়ুম           : সহযোগী সম্পাদক, প্রথম আলো