কন্যাশিশুকে পিছিয়ে রাখলে জাতি এগোবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৈশব থেকেই কন্যাশিশুদের সমান অধিকার দিতে হবে। এই শিশুরা জাতির ভবিষ্যৎ, দেশের অর্ধেক শক্তি। তাদের পিছিয়ে রেখে জাতিকে এগিয়ে নেওয়া যাবে না।
গতকাল শুক্রবার বিকেলে শিশু একাডেমি মিলনায়তনে কন্যাশিশু দিবসের আলোচনায় বক্তারা এসব কথা বলেন।
চট্টগ্রাম জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় ও শিশু একাডেমি চট্টগ্রাম যৌথভাবে এ আলোচনার আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন।
কন্যাশিশু প্রতিনিধি ও শিশু একাডেমির শিক্ষার্থী শেখ ফাইরুজ নাওয়াল চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর আবিদা আজাদ, জেসমিন পারভিন, মানবাধিকার নেত্রী জেসমিন সুলতানা, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা অঞ্জনা ভট্টাচার্য ও শিশু একাডেমি চট্টগ্রামের শিশু সংগঠক নারগিস সুলতানা।
সভায় জেলা প্রশাসক সামসুল আরেফিন বলেন, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি সবকিছুতে কন্যাশিশুকে এগিয়ে নিতে হবে। দেশের উন্নতির জন্য চাই নারী-পুরুষের সম্মিলিত প্রয়াস। সে কারণে ছেলে ও কন্যাশিশুদের মধ্যে যাবতীয় বৈষম্য দূর করতে হবে। কন্যাশিশুরা সঠিকভাবে বেড়ে ওঠার সুযোগ না পেলে জাতি পিছিয়ে পড়বে। কন্যাশিশুদের প্রতি সামাজিক দায়বদ্ধতা আরও বাড়াতে হবে। বাল্যবিবাহ সমাজ থেকে নির্মূল করতে হবে।
অনুষ্ঠানের সভাপতি শেখ ফাইরুজ নাওয়াল চৌধুরী বলে, কন্যাসন্তানের প্রতি পরিবারের বৈষম্যমূলক আচরণ চোখে পড়ার মতো। অথচ কন্যাসন্তান ও পুত্রসন্তানের মানুষ হিসেবে সমান অধিকার প্রাপ্য। কন্যাশিশুদের প্রতি পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে।
আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানে ছাত্রীর শ্লীলতাহানি : শিশু একাডেমীতে কন্যাশিশু দিবসের অনুষ্ঠান চলাকালে চতুর্থ শ্রেণির এক ছাত্রী শ্লীলতাহানির শিকার হয়েছে। গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পরে ভ্রাম্যমাণ আদালত ওই ব্যক্তিকে আটক করে আট মাসের কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম হুমায়ুন কবির (৪২)। তিনি নগরের দামপাড়ার বাসিন্দা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির রাহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, উপযুক্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে হুমায়ুন কবিরকে আট মাসের দণ্ড দেওয়া হয়েছে। সাক্ষ্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর জেসমিন পারভীন ও আবিদা আজাদ।