কন্যাশিশুদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানানোর মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার দেশে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস। প্রতিবছর ৩০ সেপ্টেম্বর দিবসটি পালন করা হলেও এবার সরকারিভাবে কর্মসূচির আয়োজন করা হয়।দিবসটি উপলক্ষে ‘কন্যাশিশুর অগ্রগতি: বাংলাদেশের সমৃদ্ধি’ প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ শিশু একাডেমী ও কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম সকালে জাতীয় জাদুঘর থেকে শিশু একাডেমী পর্যন্ত শোভাযাত্রার আয়োজন করে। এতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, এ মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম, বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান শেখ আবদুল আহাদ, পরিচালক মো. নূরুজ্জামান প্রমুখ অংশ নেন।শোভাযাত্রা শেষে বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় তারিক-উল-ইসলাম বলেন, কন্যাশিশুদের ওপর নির্যাতন বন্ধে সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে। তিনি কন্যাশিশু দিবস উপলক্ষে প্রকাশিত বিশেষ প্রকাশনা এবং পোস্টারের মোড়ক উন্মোচন করেন।রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘কন্যাশিশুদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য সমাজব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। তিনি কন্যাশিশুদের শিক্ষার বিষয়টিতে গুরুত্ব দেন।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি বদিউল আলম মজুমদার। কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরমের সহসভাপতি লতিফা আকন্দ অনুষ্ঠানে বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে শিশু একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।