কন্যাশিশুদের প্রতি বাড়তি নজর দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রাকৃতিক দুর্যোগ রোধে ঐক্য গড়ি, কন্যাশিশুর জীবন ঝুঁকিমুক্ত করি’ শীর্ষক স্লোগান সামনে রেখে গতকাল মঙ্গলবার জাতীয় কন্যাশিশু দিবস পালন করে সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। আলোচনা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা কন্যাশিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার আহ্বান জানান। দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘আমরা এমন এক দিনের স্বপ্ন দেখি, যখন কন্যাশিশুদের জন্য আর কোনো বিশেষ দিন উদ্যাপন করতে হবে না। কন্যাশিশু আর ছেলেশিশুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না।’ বাংলাদেশ শিশু একাডেমী ও জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে। সভায় জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি বদিউল আলম মজুমদার সভাপতিত্ব করেন।সভায় বিশেষ অতিথি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, ‘আমরা পরিবার, সমাজ, অর্থনীতি, রাজনীতিসহ সব ক্ষেত্রে নারীর সমান অধিকার চাই।’আলোচনা সভা শেষে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী। আলোচনা সভা শেষে কন্যাশিশুদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল নগরে দশম জাতীয় কন্যাশিশু দিবসটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়। সকালে শাহবাগের পাবলিক লাইব্রেরির সামনে থেকে বাংলাদেশ শিশু একাডেমী পর্যন্ত সমাজের সর্বস্তরের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত শোভাযাত্রার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী।