কন্যাশিশুর প্রতি কোনো বৈষম্য করা যাবে না
‘কন্যাশিশুর নিরাপদ পরিবেশ, সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ’—এই স্লোগান সামনে রেখে গতকাল সোমবার বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমী ও জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম যৌথভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করে।
দিবসটি উপলক্ষে সকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে বাংলাদেশ শিশু একাডেমী পর্যন্ত এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেন, ‘দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে এবং ২০১৫-পরবর্তী এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে কন্যাশিশুর প্রতি কোনো বৈষম্য করা যাবে না। তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।’ তিনি শিশুর প্রতি সহিংসতা বন্ধ করতে ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনায় জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি বদিউল আলম মজুমদার বলেন, ২০০০ সাল থেকে কন্যাশিশু দিবস পালন করা হচ্ছে। কন্যাশিশুদের বঞ্চিত করা হলে জাতি কখনো উন্নতি করতে পারবে না।
এভারেস্টজয়ী এম এ মুহিত বলেন, কন্যাশিশুদের নিজ নিজ স্বপ্ন পূরণে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তিনি অভিভাবকদের সন্তানদের ওপর জোর করে কোনো কিছু চাপিয়ে না দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সহসভাপতি শাহিনা আক্তার এবং সম্পাদক নাছিমা আক্তার আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে প্রকাশিত কন্যাশিশু-১১ জার্নাল এবং পোস্টারের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। শেষ পর্যায়ে শিশু-কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।