কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করার প্রত্যয় নিয়ে বিভিন্ন জেলায় প্রথম আলো বন্ধুসভা ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের যৌথ উদ্যোগে প্রচারাভিযান চালানো হলো। ‘কন্যাশিশুর নিরাপদ পরিবেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে গত মঙ্গলবার ও গতকাল বুধবার দুই দিনে ২০ জেলায় এই প্রচারাভিযান চলে।
অনুষ্ঠানগুলোতে বক্তারা পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করার পাশাপাশি তাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার তাগিদ দেন। প্রথম আলোর প্রতিনিধি ও আঞ্চলিক কার্যালয়গুলোর পাঠানো খবর:
বাগেরহাট: সরকারি পিসি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনায় বন্ধুসভার উপদেষ্টা অধ্যাপক কমল কুমার ঘোষের সভাপতিত্বে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ শেখ মোস্তাহিদুল আলম, জাতীয় মহিলা সংস্থা বাগেরহাট জেলার চেয়ারম্যান শরীফা হেমায়েত, ব্র্যাকের বাগেরহাট প্রতিনিধি মো. মারুফ পারভেজ ও বাগেরহাট বন্ধুসভার সভাপতি প্রকৌশলী নাসিফ কবির।
রাঙামাটি: শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে রাঙামাটি বন্ধুসভার সহসভাপতি জিনা চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান, জেলা প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন, আইনজীবী সুস্মিতা চাকমা, সাংবাদিক সুনীল কান্তি দে প্রমুখ।
পঞ্চগড়: শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা শিক্ষা অফিসার মাসুদ হাসান, ব্র্যাকের জেলা প্রতিনিধি এ কে আজাদ, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক প্রহলাদ চন্দ্র বর্মণ ও জেলা বন্ধুসভার সভাপতি আসা আক্তার।
নোয়াখালী: শহরের মাইজদী বালিকা বিদ্যানিকেতনের মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী রফিক উল্লাহ, ব্র্যাকের প্রতিনিধি জিয়া খানম, বন্ধুসভার সাধারণ সম্পাদক ইমান হোসেন।
রাজবাড়ী: জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বক্তব্য দেন রাজবাড়ী বন্ধুসভার সভাপতি প্রদ্যোত কুমার দাস। উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বদর উদ্দিন আহমদ।
গাইবান্ধা: শহরের পৌর পার্কের শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ ও গাইবান্ধা বন্ধুসভার নারীবিষয়ক সম্পাদক জিনাত আক্তার।
ভোলা: শহীদ জিয়া স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ খালেদা খানম, ভোলা পৌরসভার কাউন্সিলর জোসনা বেগম, ব্র্যাকের জেলা প্রতিনিধি মো. আশরাফ আলম ও ভোলা বন্ধুসভার নারীবিষয়ক সম্পাদক হালিমা খাতুন।
পটুয়াখালী: জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য দেন জেলা মহিলা পরিষদের সভানেত্রী ফাতেমা জব্বার, শিশু অধিকার রক্ষা কমিটির জেলা সভাপতি শ ম দেলোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জি, ব্র্যাকের পটুয়াখালী শাখার ব্যবস্থাপক রাহিলা আক্তার ও পটুয়াখালী বন্ধুসভার সভাপতি মিজানুর রহমান।
মানিকগঞ্জ: শহরের সাবিস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলার সহকারী জজ রওশন জাহান, সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ঊর্মিলা রায়, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, বন্ধুসভার উপদেষ্টা দীপক ঘোষ প্রমুখ।
চুয়াডাঙ্গা: ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়। বন্ধুসভার উপদেষ্টা প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা ব্র্যাকের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম।
এ ছাড়া মাগুরা, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, যশোর, কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলায় প্রচারাভিযানের আয়োজন করা হয়।