কন্যাসন্তান প্রসব করায় গৃহবধূর ওপর নির্যাতন!
মাদারীপুরের শিবচর উপজেলায় কন্যাসন্তান জন্ম হওয়ায় ও যৌতুকের টাকা না পাওয়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন এক গৃহবধূকে শারীরিক নির্যাতন করেছেন। গুরুতর আহত গৃহবধূর ফুলমতি বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গৃহবধূর বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। গতকাল সোমবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, যন্ত্রণায় ফুলমতি কাতরাচ্ছেন। তিনি বলেন, ‘আমার স্বামী প্রতিদিন মারে আর বলে, বাপের বাড়ি থেকে টাকা আনতে পারোস নাই এরপর তোর পেটে কামাইসুদ (ছেলে) হয় নাই, খাওয়াইন্না (মেয়ে) জন্ম দিসোছ। তোরে আমার (স্বামী) ঘরে ভাত খাওয়ামু না। এমন কাম করমু তুই ইচ্ছা করে বাপের বাড়ি চলে যাবি।’পারিবারিক সূত্র জানায়, আড়াই বছর আগে উপজেলার নিয়ামতকান্দি গুচ্ছ গ্রামের আবদুর রব মাতবরের মেয়ে ফুলমতি বেগমের সঙ্গে চরচান্দ্রা তালতলা গ্রামের মো. আলী হোসেনের বিয়ে হয়। মেয়ের বাবা বিয়ের সময় যৌতুকের দেড় লাখ টাকার মধ্যে ৫০ হাজার টাকা ও প্রয়োজনীয় জিনিসপত্র দেন। পরে যৌতুকের বাকি এক লাখ টাকার জন্য শুরু হয় ফুলমতির ওপর নির্যাতন। একপর্যায়ে ফুলমতি নির্যাতন সহ্য করতে না পেরে অন্তঃসত্ত্বা অবস্থায় বাবার বাড়ি চলে যান। আট মাস আগে ফুলমতির একটি কন্যাসন্তান হয়।