কপ-২১ সম্মেলনে ক্ষতিপূরণের দাবি তুলে ধরার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে এক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত স্বল্পোন্নত দেশগুলোকে কপ-২০ সম্মেলন কোনো আশার আলো দেখাতে পারেনি। উন্নত দেশগুলো তাদের কার্বন নিঃসরণ প্রশমনে সহায়ক ভূমিকা রাখছে না। আগামী বছর প্যারিসে অনুষ্ঠেয় কপ-২১ সম্মেলনে বাংলাদেশ সরকারকে নিজেদের দাবি জোরালো ও সক্রিয়ভাবে তুলে ধরতে হবে।
ডেইলি স্টার ভবনের এ এস মাহমুদ মিলনায়তনে গতকাল বুধবার ‘২০১৫ নাগাদ জলবায়ু কার্যক্রমের ন্যায্যতা, লিমা কপ-২০-এর প্রতিফলন এবং প্যারিস কপ-২১-এর কর্মপরিকল্পনা’ শীর্ষক এই মতবিনিময় সভা হয়। বেসরকারি সংস্থা অ্যাকশনএইড, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিস (বিসিএএস), ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিসিসিএডি) এ মতবিনিময়ের আয়োজন করে।
সভায় আইসিসিসিএডির পরিচালক সালিমুল হক বলেন, ‘কার্বন নিঃসরণকারী দেশগুলো কিয়োটো প্রটোকলে বলেছিল, ২০১২ সালের ডিসেম্বরের মধ্যে কার্বন নিঃসরণ কমাবে। কিন্তু আদতে তা হয়নি। প্যারিসে বাধ্যতামূলক চুক্তি করার শেষ সুযোগ। চুক্তিতে পৌঁছাতে হলে বিশ্বনেতাদের ছাড় দিতে হবে, মনোভাব পরিবর্তন করতে হবে।’
বিসিএএসের নির্বাহী পরিচালক আতিক রহমান বলেন, দারিদ্র্য বিমোচন এবং জলবায়ু পরিবর্তন—এ দুটি বিষয় নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিভেদ নেই। সরকারের উচিত হবে না এমন কোনো চুক্তিতে সম্মত হওয়া, যা সাধারণ মানুষের জীবনকে বাধাগ্রস্ত করবে।
২০১৫-এর সব আলোচনা, নীতিনির্ধারণ এবং প্রকল্প বাস্তবায়নে নারী-পুরুষ সমতা মূল কেন্দ্রে থাকতে হবে বলে মন্তব্য করেন অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির। তিনি বলেন, বাংলাদেশের একার পক্ষে সব দাবি আদায় সম্ভব নয়। যেসব দেশ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত, তাদের সঙ্গে নিয়ে কাজ করতে হবে।
সভায় লিমার জলবায়ু সম্মেলনে বাংলাদেশের সুশীল সমাজের ভূমিকা পর্যালোচনা করেন বিসিএএসের ফেলো গোলাম রব্বানী। তিনি জানান, লিমা সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ফলে হওয়া ক্ষতিসমূহের ক্ষতিপূরণ আদায়, সব ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করা, লিঙ্গ সমতা নিশ্চিত করার বিষয়গুলো সুশীল সমাজের পক্ষ থেকে তুলে ধরা হয়েছিল।