কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের চোয়ারফাঁড়ি ও বদরখালী ইউনিয়নের ছয় কুড়িটিক্কা এলাকার দুটি স্লুইসগেট দিয়ে চিংড়ি চাষের জন্য প্রতিদিন জোয়ারের সময় প্রভাবশালী একটি মহল লবণপানি ঢোকাচ্ছে। এ কারণে অন্তত সাত হাজার একর জমিতে চলতি ইরি-বোরো মৌসুমে চাষাবাদ সম্ভব হচ্ছে না। লবণপানি ঢুকিয়ে চিংড়ি চাষ করায় কপাল পুড়তে বসেছে অন্তত ৩০ হাজার কৃষকের।
সরেজমিনে দেখা গেছে, ঢেমুশিয়া ইউনিয়নে ছয় কিলোমিটার লম্বা একটি বদ্ধ জলমহাল রয়েছে। এ জলমহালের মিঠাপানি দিয়ে চাষবাদ করা হয় চকরিয়া উপকূলের চারটি ইউনিয়নের অন্তত সাত হাজার একর জমিতে। বদ্ধ জলমহাল ব্যক্তিস্বার্থে ইজারা দেওয়ার নিয়ম না থাকলেও ঢেমুশিয়া বদ্ধ জলমহালটি কক্সবাজারের জেলা প্রশাসনের কর্মকর্তারা পশ্চিম বড় ভেওলা মৎস্যজীবী সমিতির নামে ইজারা দিয়েছেন। মিঠাপানির মাছ চাষের শর্ত মেনে নিয়ে জলমহালটি ইজারা নিলেও সেখানে বিভিন্ন স্লুইসগেট দিয়ে লবণপানি ঢোকানো হচ্ছে। এখন ওই বদ্ধ জলমহালের সঙ্গে যুক্ত কয়েকটি শাখা খালও লবণপানিতে ভরে গেছে।
স্থানীয় বাসিন্দা ছিদ্দিক আহমদ, কবির হোসেন, মো. নুরুদ্দিন বলেন, চোয়ারফাঁড়ি স্লুইসগেট ও ছয় কুড়িটিক্কা এলাকার স্লুইসগেট দিয়ে দুই প্রভাবশালী প্রকাশ্যে লবণপানি ঢোকাচ্ছেন। বদ্ধ জলমহালটি লবণপানিতে ভরে যাওয়ায় দুই পারের মানুষ তা ব্যবহার করতে পারছেন না। এ ছাড়া লবণপানির কারণে অনেকের ধানের বীজতলা নষ্ট হয়ে গেছে।
কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার বলেন, গুটি কয়েক স্বার্থান্বেষী চিংড়ি চাষের জন্য বিভিন্ন স্লুইসগেট দিয়ে লবণপানি ঢোকানোর কারণে কৃষকেরা চাষাবাদ করতে পারছেন না। কৃষকের পক্ষ থেকে বিষয়টি উপজেলা সমন্বয় সভায় তুলে ধরেছি।
দিদারুল হক সিকদার বলেন, চার ইউনিয়নের অন্তত ৩০ হাজার কৃষক এখন চাষাবাদ করতে পারছেন না।
তবে পশ্চিম বড় ভেওলা মৎস্যজীবী সমিতির কর্মকর্তা মোহাম্মদ তৌহিদ বলেন, সমিতির কেউ লবণপানি ঢোকাচ্ছেন না। স্লুইসগেটগুলোর নিয়ন্ত্রণ তাঁদের হাতে না থাকায় জলমহালের আশপাশের কেউ গোপনে হয়তো লবণপানি ঢোকাচ্ছেন। এতে তাঁদের মহালটির পানিও লবণাক্ত হয়ে গেছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, মাসিক সমন্বয় সভায় উপকূলের চার ইউনিয়নের চেয়ারম্যান তাঁদের এলাকার কৃষকেরা লবণপানির কারণে চাষাবাদ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। যারাই লবণপানি ঢুকিয়ে থাকুক, কৃষকের ক্ষতি হলে প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে।