কপি পচিয়ে জৈবসার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে প্রচুর সরবরাহ, ক্রেতা কম। অন্যান্য স্থানের মতো মেহেরপুরেও এবার ফুলকপি ও বাঁধাকপির করুণ অবস্থা। বেচতে গেলে পরিবহন-খরচও ওঠে না। তাই শীতের এই শবজি জমিতেই বা পাশের ডোবা-গর্তে ফেলে পচানো হচ্ছে। খাওয়ার কপি হয়ে যাচ্ছে জৈবসার। এলাকার লোকজন এর নাম দিয়েছে ‘কপি কম্পোস্ট সার’।সদর উপজেলার কপি চাষি রেজাউল হক জানান, জমি থেকে কপি এক টাকা হালি দরে বিক্রি করতে হচ্ছে। সেই কপি পরিবহন করে বাজারে নিয়ে গেলে আড়তদারেরা ১৫ টাকা মণ দরে কেনেন। আর ভোক্তাদের কাছে এক টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।মেহেরপুর সবজি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নূর হোসেন জানান, কপিতে লোকসান। তাই কপি পচিয়ে সার করছেন। চাষিরা প্রায় ১৭ কোটি টাকার পুঁজি হারিয়েছেন। পরের ফসল উৎপাদনে তাঁরা আর্থিক সংকটে পড়বেন।সরেজমিন বিভিন্ন খেত ও সার গর্তে দেখা গেল কপি পচানোর দৃশ্য। মেহেরপুর শহরের চাষি জাহাঙ্গীর মাস্টার ১৩ বিঘা জমির কপিখেতে পরবর্তী ফসল উৎপাদনের জন্য সেচ দিয়েছেন। তিনি জানান, জমি থেকে কপি তুললে লোকসান হবে বেশি। তাই কপিসহ জমি সেচ দিয়ে তা পানিতে ভিজিয়ে পচিয়ে সার করছেন।সদর উপজেলার শালিকা গ্রামের তোজাম্মেল আলী জানান, তিনি ১৭ বিঘা জমিতে কপি চাষ করেন। ৩ বিঘা জমির কপি তুলে প্রায় এক লাখ টাকা লোকসান গুনেছেন। তাই ১৪ বিঘা জমির কপি গর্তে ফেলে পচাচ্ছেন। সেখানে অন্যান্য পচা পাতার সঙ্গে কপিও স্তূপ করে পচানো হচ্ছে।সদর উপজেলার গোপালপুর গ্রামের আসাদুল হকের সাত বিঘা জমিতে কপি ছিল। তিনিও জমির সব কপি স্তূপ করেছেন পাশের একটি গর্তে। সেখানে অল্প গোবর, মাটি ও ঝোপজঙ্গলের সঙ্গে কপিগুলো চাপা রাখা আছে। দুই-তিন দিন পর পর ওলটপালট ও হালকা পানি ছিটিয়ে দিতে হয়। এভাবে ১২-১৪ দিন ফেলে রাখলে তা খুবই উৎকৃষ্টমানের জৈবসার হবে। এই সার পরবর্তী ফসল উৎপাদনে তাঁদের খুবই কাজে লাগবে বলে জানান আসাদুল।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ইফতেখার হোসেন জানান, বাজারে কপির দাম নেই। চাহিদা নেই। তাই অনেক কৃষক বাধ্য হয়ে মনের দুঃখে কপি পচিয়ে তৈরি করছেন ‘কপি কম্পোস্ট সার’। এই কপি অন্যান্য পচনশীল পাতা ও কিছু গোবর এবং মাটির সঙ্গে মিশিয়ে পচালে তা উৎকৃষ্টমানের জৈবসার হবে। এই সার ইউরিয়ার চাহিদা মেটাবে।সদর উপজেলা চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ জানান, চাষিকে নানা ধরনের চাষে উদ্বুদ্ধ করতে পারলে কোনো চাষে লোকসান হবে না। দেখাদেখি চাষ করার কারণে এবার খাবার কপি পচিয়ে সার তৈরি করতে হচ্ছে। এটা খুবই কষ্টদায়ক।জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল জানান, পরবর্তী ফসল উৎপাদনের জন্য চাষিদের ব্যাংক ঋণের ব্যবস্থা না হলে জেলায় অনেক কম ফসল হবে। অনাবাদি থাকবে অনেক জমি। তিনি সুদবিহীন ব্যাংক ঋণ দেওয়ার জন্য ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান।