কপিরাইট আইন প্রণয়নে জেগে ওঠার আহ্বান
দেশে হরহামেশা কপিরাইট আইনের লঙ্ঘন হচ্ছে। শিল্পী লেখকের অধিকার আদায়ের লক্ষ্যে প্রণীত কপিরাইট আইনটি কার্যকর করার লক্ষ্যে গোটা শিল্পী সমাজকে জেগে ওঠার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। একই সঙ্গে এ আইন লঙ্ঘনকারীদের শাস্তি দাবি করেন শিল্পীরা।
বিশ্বসংগীত দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘কপিরাইট আইন ও শিল্পীর অধিকার’ শীর্ষক এক সেমিনারে সমন্বয় পরিষদের নেতারা বলেন, ১৯৬২ সালে কপিরাইট আইন প্রণীত হলেও দেশের অনেক শিল্পী এ ব্যাপারে জানেনই না। এ অজ্ঞতার কারণে মুনাফালোভীরা শিল্পীদের ঠকাচ্ছেন।
বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে ‘কপিরাইট আইন ও শিল্পীর অধিকার’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনজুরুর রহমান। দীর্ঘদিন ধরে কপিরাইট ইস্যুতে কাজ করে আসা এই সরকারি কর্মকর্তা নিজের লেখা দুটি বই নিয়ে কপিরাইট ইস্যুতে আলোচনা শুরু করেন।
মনজুরুর রহমান বলেন, ‘আমরা এখনো আমাদের শিল্পীদের অধিকার আদায়ের জন্য কার্যকর কোনো ভূমিকাই নিতে পারিনি। প্রতিদিন শিল্পীরা ঠকছেন, নানাভাবে প্রতারিত হচ্ছেন। যথাযথ ব্যবস্থা নিতে পারলে শিল্পীদের আজ পথে বসতে হতো না, বিপদে কারও দ্বারস্থ হতে হতো না।’
বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির বিরুদ্ধে শিল্পীর অনুমতি ছাড়া ওয়েলকাম টিউন ও রিংটোন টিউন হিসেবে গান ব্যবহারের অভিযোগ এনে মনজুরুর রহমান বলেন, এটি রীতিমতো গর্হিত ও বেআইনি কাজ। বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিভিন্ন রেফারেন্স বই কপিরাইট আইন না মেনে হরদম ফটোকপি করা হচ্ছে। তিনি বলেন, ‘২০১৪ সালে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের শিল্পীদের অধিকার আদায়ের সংগ্রামে ‘কালেকটিভ ম্যানেজমেন্ট অর্গানাইজেশন-সিএমও’ গঠিত হলেও সংগঠনটি এখনো পুরোদমে কাজ শুরু করতে পারেনি।
সংগীতশিল্পী রফিকুল আলমের অভিযোগ, সিডি প্রকাশনা সংস্থাগুলো কপিরাইট আইনের ফাঁকফোকর গলে শিল্পীদের প্রতিনিয়ত ঠকাচ্ছে। শিল্পীদের মধ্যে একটি দল ‘টাকার বিনিময়ে’ সিডি প্রকাশ ও প্রচারণা করায় দুষ্কৃতকারীরা ফায়দা লুটছে বলে মন্তব্য করেন তিনি।
প্রবীণ সংগীত পরিচালক শেখ সাদী খান বলেন, ‘মেধাস্বত্ব ও সম্মানী ইস্যুতে অনেক কথা হয়েছে। এবার সবাইকে এককাট্টা হয়ে প্রতিবাদ করতে হবে।’
বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি তপন মাহমুদ বলেন, ‘সংগীতশিল্পীরা আত্মকেন্দ্রিক হয়ে পড়েছেন।’
বিশ্বজিৎ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী ইন্দ্রমোহন রাজবংশী, বিটিভির পরিচালক (বার্তা) কবি নাসির আহমেদ, সংগীতশিল্পী মাহমুদ সেলিম, আবু বক্কর সিদ্দিক প্রমুখ। কপিরাইট-সম্পর্কিত আইনগত ব্যাখ্যা করেন হামিদুল মেজবাহ।