কপিলমুনি বাজারছাড়া কাঁকড়া ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারে কাঁকড়া বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত খাজনা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ পরিপ্রেক্ষিতে ১১ জুলাই থেকে এ বাজার ছেড়ে অন্য জায়গায় কাঁকড়া কেনাবেচা করা হচ্ছে।
কাঁকড়া ব্যবসায়ীরা বলেন, এবার ৫৪ লাখ টাকায় কপিলমুনি বাজার ইজারা নেন খায়রুল বিশ্বাস নামের একজন মাছ ব্যবসায়ী। পয়লা বৈশাখ থেকে খাজনা আদায় শুরু করেন। কাঁকড়া বিক্রির ৫ শতাংশ এবং বাগদা চিংড়ি বিক্রির ৩ শতাংশ খাজনা ধার্য করা হয়। কাঁকড়া ও চিংড়ি ব্যবসায়ীরা তা দিতে অস্বীকৃতি জানান। এ পরিস্থিতিতে কাঁকড়া বিক্রেতারা বাজারে আসছেন না। তাঁরা প্রায় দুই কিলোমিটার দূরে কাশিমনগর এলাকায় কাঁকড়া কেনাবেচা করছেন। আশপাশের জেলা ও উপজেলার অন্য কোনো বাজারে কাঁকড়ার জন্য খাজনা নেওয়া হয় না বলে ব্যবসায়ীরা জানান।
কাশিমনগরে কাঁকড়া বিক্রি করতে আসা সুভ্রম গোলদার বলেন, তিনি পার্শ্ববর্তী বটিয়াঘাটা উপজেলার সুন্দরমহল এলাকা থেকে কাঁকড়া সংগ্রহ করে কপিলমুনি বাজারে বিক্রি করেন। তিনি এ বাজারে প্রতিদিন কমপক্ষে ১০০ কেজি কাঁকড়া বিক্রি করেন, যার বাজারমূল্য কমপক্ষে ৫০ হাজার টাকা। ৫ শতাংশ হারে খাজনা দিলে তাঁর গুনতে হবে ২ হাজার ৫০০ টাকা। আর ক্রেতাকে কমিশন দিতে হবে প্রতি কেজিতে পাঁচ টাকা। এভাবে ১০০ কেজি কাঁকড়া বিক্রিতে খরচ হবে কমপক্ষে তিন হাজার টাকা। পরিবহন খরচ তো আছেই। এভাবে খরচ হলে লাভ থাকবে না।
কয়েকজন কাঁকড়া ব্যবসায়ী বলেন, কপিলমুনি বাজারে কাঁকড়া কেনাবেচার সময় ইজারাদারের ১৫-২০ জন লোক প্রতিটি দোকানে অবস্থান নেন। এরপর কেউ কাঁকড়া বিক্রি করে বের হলেই তাঁর কাছ থেকে খাজনার নামে টাকা নেওয়া হয়। কপিলমুনি বাজারের কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতি সূত্রে জানা গেছে, ব্যবসায়ীরা শুধু কপিলমুনি বাজার থেকেই প্রতিদিন কমপক্ষে তিন টন কাঁকড়া সংগ্রহ করে ঢাকায় পাঠান, যার বাজারমূল্য ২০-২৫ লাখ টাকা। সমিতির সভাপতি শেখ আনারুল ইসলাম বলেন, আশপাশের কমপক্ষে ৫০-৫৫টি স্থান থেকে কাঁকড়া কপিলমুনি বাজারে আসে। আগে কখনো এভাবে খাজনা দেওয়া লাগেনি। ঝুড়িপ্রতি পাঁচ টাকা দিতে হতো। বিক্রির একটা অংশ খাজনা বাবদ দিলে বিক্রেতাদের লোকসান হয়। এ কারণে তাঁরা এ বাজারে আসছেন না। বাজার অন্যত্র সরিয়ে নেওয়ায় ইজারাদার মামলা-হামলার ভয় দেখাচ্ছেন।’
সমিতির সাংগঠনিক সম্পাদক গোপাল মণ্ডল বলেন, প্রতিবছর বৈদেশিক মুদ্রার একটি বড় অংশ আসে কাঁকড়া রপ্তানি করে। এর সিংহভাগই যায় এ এলাকা থেকে। প্রধানমন্ত্রী নিজে এ খাতের উন্নয়নের জন্য প্রণোদনা দিয়ে আসছেন। এভাবে খাজনা আদায় এ খাতকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলবে।
ইজারাদার খায়রুল বিশ্বাস বলেন, ‘জেলা প্রশাসকের দেওয়া তালিকা অনুসারে খাজনা ধার্য করেছি। কিন্তু ব্যবসায়ীরা সেটা মানছেন না। তবে কাঁকড়া ব্যবসায়ীদের সঙ্গে অচিরেই বৈঠক করা হবে।’ তিনি ব্যবসায়ীদের ভয় দেখানোর অভিযোগ অস্বীকার করেছেন। ইউএনও মো. কবির উদ্দীন বলেন, এত দিন খোলা বাজার ছাড়া পাকা দোকানের ব্যবসায়ীরা খাজনা দিতেন না। তাই নতুন ধার্য করা খাজনার হার তাঁরা মানতে পারছেন না। এ কারণে ব্যবসায়ীদের সঙ্গে ইজারাদারের সমস্যা হচ্ছে।