কপিলমুনিতে মহাবারুণী স্নান অনুষ্ঠিত
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ঐতিহ্যবাহী মহাবারুণী স্নান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সোয়া আটটা থেকে রাত ১০টা পর্যন্ত এ পুণ্যস্নান চলে।
আয়োজক সূত্র জানায়, প্রতিবছর কপিলমুনির পাশ দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদে অনুষ্ঠিত এ স্নানে হাজারো পুণ্যার্থী যোগ দেন। কয়েক বছর ধরে নদটি নাব্যতা হারিয়েছে। এটিতে বর্তমানে খননকাজ চলছে। বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ করে খননকাজ চলমান থাকায় নদে এখন পানি নেই। এবার কপিলমুনির কপোতাক্ষের কালীবাড়ি ঘাটে একটি পুকুর খনন করে সেখানে স্নান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দূরদূরান্ত থেকে আসা লোকজন ও স্থানীয় ভক্তরা গতকাল স্নান সেরে ঘাটে পুজো দিয়ে কালীমন্দিরে সমবেতভাবে প্রার্থনায় শামিল হন।
সনাতন ধর্মাবলম্বীদের মতে, এক চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে মহামুনি কপিল দেব কপিলমুনির কপোতাক্ষ ঘাটে সিদ্ধি লাভ করেন। সিদ্ধিলাভের স্থানে তিনি মা গঙ্গার সাক্ষাৎ লাভ করেন। তাঁর সিদ্ধিলাভের দিনটিকে স্মরণীয় করে রাখতে ধর্মপ্রাণ হিন্দুরা কপোতাক্ষ নদের কালীবাড়ি ঘাটে গঙ্গাস্নান বা বারুণী স্নান উৎসব পালন করে আসছেন।