কপোতাক্ষ নদ ও খাল দখল করে ঘের জলাবদ্ধতার শঙ্কা
যশোরের কেশবপুর উপজেলায় কপোতাক্ষ নদ ও বটতলার খাল দখল করে মাছের ঘের করার অভিযোগ পাওয়া গেছে৷ এতে উপজেলার কোমরপুর গ্রামে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এলাকার মানুষ নদ ও খালের জমি দখলমুক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গত ২৫ মে আবেদন করেছেন৷
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কোমরপুর গ্রামের পাশে কপোতাক্ষ নদ। বর্ষাকালে কোমরপুর গ্রামে জমে থাকা পানি বটতলার খাল দিয়ে কপোতাক্ষ নদে নিষ্কাশন করা হয়। কিন্তু কপোতাক্ষ নদ ও বটতলা খালের ৩০০ ফুট দখল করে মাছের ঘের করেছেন সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সুভাষ দেবনাথ। এলাকাবাসী আশঙ্কা করছে, খাল দখল করে ঘের নির্মাণ করায় তাদের গ্রামে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী রূপ নিতে পারে।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, কোমরপুর গ্রামের অহেন্দুর দাসের কৃষি জমি থেকে বটতলা খাল শুরু হয়েছে। এটি ৯০০ ফুট দূরে কপোতাক্ষ নদে গিয়ে মিশেছে। খালের দক্ষিণ প্রান্তে একটি ও কোমরপুর গ্রামের পাশে আরও একটি বাঁধ দিয়ে সুভাষ দেবনাথ আট বিঘা জমিতে ঘের করেছেন৷
কোমরপুর গ্রামের বাসিন্দা ভ্যানচালক দ্বীন মোহাম্মদ জানান, সুভাষ খাল দখল করে ঘের করায় এবার জমে থাকা বৃষ্টির পানি আর নদে যেতে পারবে না। স্থানীয় অঞ্জন দাস বলেন, ‘সুভাষ যখন মেম্বর ছিলেন, তখন এই গ্রামে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য চেষ্টা করতেন৷ এখন তিনিই যখন খাল দখল করে ঘের করলেন, তখন আর আমাদের বলার কিছু নেই।’ এলাকাবাসী অভিযোগ করেন, সুভাষ দেবনাথ নদ ও খালের দুই বিঘা জমি দখল করে ঘের করেছেন।
সুভাষ দেবনাথ কপোতাক্ষ নদের জমি দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ঘের করার সময়ে আমি জমি মেপে নিয়েছি। ঘেরের আট বিঘা জমির মধ্যে মাত্র ১৬ শতক খালের মধ্যে থাকতে পারে।’ তিনি দাবি করেন, চেয়ারম্যানকে বলে তিনি খালের জমি নিয়েছেন। তিনি বৃষ্টির পানি ঘেরের মধ্যে দিয়ে নিষ্কাশন করে দেবেন। এ জন্য নদীর পাড়ের বাঁধে তিনি পাইপও বসিয়েছেন।
সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদৎ হোসেন বলেন, ‘আমি খাল দখলের অনুমতি দিইনি।’ তিনি আরও জানান, খাল ও নদ দখল যাঁরা করেছেন, তাঁরা তাঁদের বাঁধ অপসারণ করবেন।
ইউএনও আবু সায়েদ মোহাম্মদ মনজুর আলম জানান, এলাকাবাসী খাল ও নদীর জমি দখলমুক্ত করার জন্য তাঁর কাছে আবেদন করেছেন৷ তিনি সহকারী কমিশনারকে (ভূমি) জমি দখলমুক্ত করার নির্দেশ দিয়েছেন।
উপজেলা সহকারী কমিশনার মো. সায়েদ মোমেন মজুমদার বলেন, ‘বর্তমানে সার্ভেয়ার ছুটিতে থাকায় খালের জমি পরিমাপ করা যায়নি৷ পরিমাপ করে এ ব্যাপারে ব্যবস্থা নেব৷’