প্রায় তিন মাসেও সাতক্ষীরার কপোতাক্ষ নদ থেকে সেই ৭০টি আরসিসি পিলার অপসারণ করা হয়নি৷ এ ব্যাপারে প্রশাসনও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি৷ ফলে কপোতাক্ষ নদ খননকাজ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে৷
পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজার বণিক সমিতি বাজারের মৎস্য আড়ত সম্প্রসারণের নামে কপোতাক্ষ নদের জমি দখল করে ৪০ কক্ষের বিশাল ভবন নির্মাণের লক্ষ্যে পিলারগুলো নির্মাণ করে৷
সাতক্ষীরার তালা ও খুলনার পাইকগাছা উপজেলার সীমানায় কপিলমুনি (বিনোদগঞ্জ) বাজারের পশ্চিম পাশে কপোতাক্ষ নদে ওই ভবন নির্মাণকাজ চলছিল৷ কপিলমুনি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও হরিঢালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার গোলাম মোস্তফা ইমারত নির্মাণকাজের তদারকি করছিলেন।
এ ব্যাপারে সরদার গোলাম মোস্তফা জানান, কুপিলমুনি মৎস্য আড়ত সম্প্রসারণের জন্য কপোতাক্ষ নদের ভেতরের কিছুটা জায়গা দখল করা হয়। তবে এখন আর ভবন নির্মাণ করা হচ্ছে না৷
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কবিরউদ্দিন জানান, চলতি বছরের ১২ মার্চ প্রথম আলোয় কপোতাক্ষ নদ দখলসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিনই অভিযান চালিয়ে কাজ বন্ধ করার পাশাপাশি ওই স্থানে কর্মরত দুজন নির্মাণশ্রমিককে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়। ওই জমি যদি কপোতাক্ষ নদ খননের মূল নকশার মধ্যে পড়ে, তাহলে ঠিকাদারই এক্সকাভেটর মেশিন দিয়ে পিলার তুলে ফেলে দেবেন। অন্যথায় প্রশাসন আইন অনুযায়ী ইজারা দিতে পারে। এখন পিলার অপসারণ করতে গেলে ব্যয় হবে, এ জন্য অপেক্ষা করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, নদের ভেতরে ইমারত তৈরির জন্য নির্মিত পাঁচ ফুট উঁচু ৭০টি আরসিসি পিলার দাঁড়িয়ে রয়েছে। তবে ইমারত নির্মাণকাজ বন্ধ রয়েছে।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাংসদ ও কপোতাক্ষ বাঁচাও আন্দোলন সংগ্রাম কমিটির সমন্বয়কারী মুস্তফা লুৎফুল্লাহ জানান, নানা প্রক্রিয়ায় কপোতাক্ষ নদ দখল করা হচ্ছে। নদের ভেতরে ইমারত নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে, অথচ আরসিসি পিলার অপসারণ করা হয়নি। ফলে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় সুযোগের অপেক্ষায় রয়েছে দখলকারীরা। এতে ২৬২ কোটি টাকা ব্যয়ে কপোতাক্ষ নদ খনন প্রকল্প ভেস্তে যাবে।
যশোরের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান মুঠোফোনে বলেন, ভূমিসংক্রান্ত বিষয়টি জেলা প্রশাসনের এখতিয়ারভুক্ত। কপোতাক্ষ নদের ভেতরে ইমারত তৈরি করা হচ্ছে বিষয়টি জানিয়ে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে যশোর জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়৷ এরপর কাজ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু পিলারগুলো কেন অপসারণ করা হয়নি, তা বোধগম্য নয়। পিলার অপসারণ না করা হলে ওই এলাকায় খননকাজ করা যাবে না।