কপোতাক্ষ ও বেতনা নদী খননে দুর্নীতির অভিযোগ
কপোতাক্ষ ও বেতনা নদী খননে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। কপোতাক্ষ বাঁচাও আন্দোলন সমন্বয় কমিটি ও নদী বাঁচাও সংগ্রাম কমিটির সংবাদ সমেঞ্চলনে গতকাল বুধবার এ অভিযোগ করা হয়েছে।
সাতক্ষীরা প্রেসক্লাবের মিলনায়তনে দুপুর সাড়ে ১২টার দিকে সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির সমন্বয়ক ও সাতক্ষীরা-১ আসনের সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ।
লিখিত বক্তব্যে বলা হয়, বৃষ্টি হলেই পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদার এসব কাজের বিল তুলে ভাগাভাগি করে নেওয়ার অপেক্ষায় রয়েছেন। বেতনায় ৫ শতাংশ কাজও হয়নি। কপোতাক্ষের অবস্থাও অভিন্ন।
২০১১ সালের জুলাইয়ে একনেকের বৈঠকে কপোতাক্ষ নদ খননের জন্য প্রায় ২৬২ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়। আর সাতক্ষীরার ঝাউডাঙ্গা থেকে সুপারিঘাটা পর্যন্ত ২৫ কিলোমিটার বেতনা নদী খননের জন্য বরাদ্দ দেওয়া হয় ২৪ কোটি ৯৫ লাখ টাকা।