কপোতাক্ষ ও ভৈরব নদ বাঁচাও আন্দোলনের পদযাত্রা শেষ হলো
কপোতাক্ষ ও ভৈরব নদ বাঁচাও আন্দোলনের পদযাত্রা কর্মসূচি শেষ হয়েছে গতকাল শনিবার। ৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিকেলে চুয়াডাঙ্গার দর্শনায় এসে এ কর্মসূচি শেষ হয়।গত শুক্রবার সকাল সাড়ে ১০টায় যশোরের চৌগাছা পাবলিক লাইব্রেরি চত্বর থেকে এ পদযাত্রা শুরু হয়েছিল।কপোতাক্ষ ও ভৈরব নদ বাঁচাতে উজানে মাথাভাঙ্গা নদীর সঙ্গে সংযোগ এবং জলাবদ্ধতার স্থায়ী সমাধানসহ বিভিন্ন দাবিতে ‘কপোতাক্ষ বাঁচাও আন্দোলন’ এ পদযাত্রা কর্মসূচির ডাক দেয়। পরে ‘ভৈরব বাঁচাও আন্দোলন’ এ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে।সর্বস্তরের মানুষ এ পদযাত্রায় অংশ নেয়। পদযাত্রাটি দর্শনায় পৌঁছানোর পর বিকেলে স্থানীয় বাসস্ট্যান্ড চত্বরে ভৈরব বাঁচাও আন্দোলনের স্থানীয় আহ্বায়ক আকমত আলী বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশ হয়।এর আগে বেলা ১১টায় জীবননগর বাসস্ট্যান্ডে উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্তজার সভাপতিত্বে সমাবেশ হয়।