কপোতাক্ষ তীরের পানিবন্দী মানুষকে সহায়তার আহ্বান
কপোতাক্ষ তীরের পানিবন্দী মানুষের জন্য অবিলম্বে পর্যাপ্ত খাদ্য, পানীয় জল, শিশুখাদ্য, চিকি ৎসা সহায়তা পাঠানোর পাশাপাশি আবাসনের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সামাজিক সংগঠন নাগরিক সংহতি। গতকাল বুধবার জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ‘কপোতাক্ষর তীর থেকে পানি সরাও—ত্রাণ দাও—প্রাণ বাঁচাও’ শীর্ষক নাগরিক সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, তিন মাস ধরে কপোতাক্ষ নদের দুই তীরের মানুষ পানিবন্দী হয়ে খোলা আকাশের নিচে আছে। এসব মানুষের জন্য সরকার কিছুই করছে না। তারা মানবেতর জীবনযাপন করছে। সমাবেশে বলা হয়, প্রতিবছরই ওই অঞ্চলের মানুষ জলাবদ্ধতার সমস্যায় পড়ে। সমস্যা নিরসনে সরকারের পক্ষ থেকে প্রকল্প গ্রহণ করা হয়। কিন্তু প্রকল্পের টাকা সরকারি কর্মকর্তাদের পকেটে চলে যায়। এলাকার পরিস্থিতির পরিবর্তন হয় না।নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে রাগিব আহসান, রুহিন হোসেন, ইনামুল হক প্রমুখ বক্তব্য দেন।