কপোতাক্ষ দখল করে যুবলীগ নেতার ঘের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে যুবলীগের এক নেতা কপোতাক্ষ নদ ও ব্যক্তিমালিকানাধীন জমি দখলে নিয়ে মাছের ঘের নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নদের সাগরদাঁড়ি মালোপাড়া থেকে কোমরপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটারজুড়ে ঘেরের জন্য বাঁধ নির্মাণের কাজ চলছে।সরেজমিনে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের সাগরদাঁড়ি মালোপাড়া থেকে কোমরপুর পর্যন্ত নদের ১০০ ফুট ভেতরে ঢুকে জমি দখলে নেওয়া হয়েছে। আবার নদের ১০০ ফুট তীরভূমিও দখলে নেওয়া হয়েছে। সেখানে সাধারণ মানুষের জমিও আছে।স্থানীয় কৃষক ইজাহার আলীম গাজী বলেন, ‘এ ঘের আমাদের সর্বনাশ করে দেবে। ঘেরটিতে লোনা পানি ওঠানো হচ্ছে। আমরা এখানে কোনো ফসল ফলাতে পারব না।’ কোমরপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সুভাষ দেবনাথ বলেন, ঘেরের এই জায়গা দিয়ে বর্ষার পানি নিষ্কাশন হয়। ঘের হলে কোমরপুর গ্রামসহ গোটা এলাকায় স্থায়ী জলাবদ্ধতা দেখা দেবে।এলাকাবাসী জানান, নদের যে অংশে ঘের করা হচ্ছে, সে অংশটুকু কেশবপুর ও সাতক্ষীরার তালা উপজেলার কাশিডাঙ্গা এলাকায় পড়েছে। এই অংশে কপোতাক্ষ প্রায় ৪০০ ফুট চওড়া ছিল। বাঁধ দেওয়ায় নদটি সংকুচিত হয়ে গেছে। ঘেরের বাঁধ নির্মাণের জন্য মাটি কাটার যন্ত্র এস্কাভেটর আনা হয়েছে। এখানে প্রায় ১০০ বিঘার মতো এলাকাজুড়ে ঘের করা হচ্ছে। ঘেরটি করছেন উপজেলা যুবলীগের সদস্য শাহীদুজ্জামান ওরফে শাহীন। তাঁর পাশে একই ধরনের আরেকটি ঘের হচ্ছে। সেখানেও শাহীনের অংশীদারিত্ব আছে। অপর ঘেরটির মালিক আবদুল হান্নান ও শামীম উদ্দীন।নির্মল দেবনাথ ও অরুণ দেবনাথ নামের স্থানীয় দুই ব্যক্তি অভিযোগ করেন, শাহীনের ঘেরের মধ্যে তাঁদের সাত বিঘা জমি রয়েছে। তাঁদের জমি জোরপূর্বক দখল করে নেওয়া হয়েছে। কান্নাজড়িত কণ্ঠে নির্মল দেবনাথ বলেন, ‘এই জমিটুকু দিয়ে আমার সংসার চলে। আমি এখন কী করে খাব? এখন দেশ থেকে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই।’কেশবপুর উপজেলা যুবলীগ ও বিদ্যানন্দকাঠি ইউনিয়ন যুবলীগের সদস্য শাহীদুজ্জামান বলেন, ‘ঘেরের মধ্যে কপোতাক্ষের জমি নেই, তা বলব না। দক্ষিণ পাশ দিয়ে নদীর কিছু জমি বাঁধের মধ্যে পড়ে গেছে।’ তিনি দাবি করেন, কারও জমি জোরপূর্বক দখল করা হয়নি।সাগরদাঁড়ি ইউনিয়ন ভূমি কর্মকর্তা (নায়েব) নজরুল ইসলাম ঘেরের ভেতর নদের জায়গা ও খাস জমি থাকার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লোক পাঠিয়ে তাঁদের নিষেধ করেছি। তার পরও তাঁরা আমার নিষেধ শোনেননি।’ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী আবদুল মোতালেব প্রথম আলোকে বলেন, ‘ঘেরের জায়গায় নদের জমি আছে। আমরা এ ব্যাপারে যশোর ও সাতক্ষীরা জেলা প্রশাসককে চিঠি দিয়েছি। তারা নদীর জায়গা নির্ধারণ করে দিলেই আমরা বাঁধ ভেঙে দেব।’