কপোতাক্ষ নদ খননে 'অনিয়ম ও দুর্নীতি'র প্রতিবাদে সমাবেশ
কপোতাক্ষ নদ খননে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সাতক্ষীরার তালা উপজেলা ডাকবাংলো চত্বরে গতকাল সোমবার সমাবেশ হয়েছে। সমাবেশ শেষে ১১ দফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
কপোতাক্ষ পুনরুদ্ধার আন্দোলন কমিটি ওই কর্মসূচির আয়োজন করে। কমিটির কয়েকজন নেতা জানান, গতকাল সকাল ১০ থেকে বেলা ২টা পর্যন্ত সমাবেশ চলে। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা মোড়ল আবদুর রশিদ। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাংসদ ও কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির সমন্বয়ক মুস্তফা লুৎফুল্লাহ। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম এম ফজলুল হক, পাইকগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোড়ল রশিদুজ্জামান, তালা মহিলা কলেজের অধ্যক্ষ আবদুর রহমান, তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, প্রবীণ রাজনীতিবিদ প্রদীপ মজুমদার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, কপোতাক্ষ তীরে প্রায় ৫০ লাখ মানুষের বসবাস। প্রকল্পের নিয়ম অনুযায়ী টাইডেল রিভার ম্যানেজমেন্টের (টিআরএম)বাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে সহজ শর্তে ক্ষতিপূরণের অর্থ দিতে হবে। এ প্রকল্পে কোনো রকম দুর্নীতি মেনে নেওয়া হবে না। সীমানা নির্ধারণ করে দুর্নীতিমুক্তভাবে কপোতাক্ষ খনন করার ব্যবস্থা করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
পরে মিছিলসহকারে তালার ইউএনও মাহাবুবুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।