কপোতাক্ষ নদ খননের কাজ ভেস্তে যাওয়ার শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কপোতাক্ষ নদ খনন করে তোলা মাটি নদের মধ্যেই স্তূপ করে রাখা হয়েছে। ছবিটি সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা এলাকার ।  প্রথম আলো
কপোতাক্ষ নদ খনন করে তোলা মাটি নদের মধ্যেই স্তূপ করে রাখা হয়েছে। ছবিটি সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা এলাকার । প্রথম আলো

সাতক্ষীরার তালা উপজেলায় কপোতাক্ষ নদ খননের নামে অনিয়মের অভিযোগ উঠেছে। এক্সকাভেটর দিয়ে কাটার পর মাটি নদেই স্তূপ করে রাখা হচ্ছে। বৃষ্টি হলে ওই মাটি আবার ধসে পড়ে নদ ভরাট হয়ে যাবে। ফলে এই নদের নাব্যতা ফিরিয়ে আনার সরকারি উদ্যোগ ভেস্তে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, কপোতাক্ষ নদের দৈর্ঘ্য ১৯৮ কিলোমিটার। এ নদ চুয়াডাঙ্গার জীবননগর থেকে যশোর ও সাতক্ষীরা হয়ে খুলনার পাইকগাছা উপজেলার শিববাড়ী পর্যন্ত বিস্তৃত। ২০০০ সাল থেকে যশোর ও সাতক্ষীরা অংশ পলি পড়ে ভরাট হওয়া শুরু হয়। পাউবো ২০১১ সালে নাব্যতা ফিরিয়ে আনতে নদের সাতক্ষীরা অংশ খননের জন্য একটি প্রকল্প গ্রহণ করে।
পাউবো যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, নদটি খননের জন্য ২০১১ সালের জুলাইয়ে চার বছর মেয়াদি একটি প্রকল্প হাতে নেওয়া হয়। এ প্রকল্পের আওতায় ২০১৩-১৪ অর্থবছরে ২১ দশমিক ২৫০ কিলোমিটার খননের জন্য ৬১ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৬০০ টাকা ব্যয় ধরা হয়। ১৫টি গ্রুপে ১২টি ঠিকাদারি প্রতিষ্ঠান নদের ১৯ হাজার ৪৫০ মিটার, দুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ৮৫৫ মিটার ও চারজন ইউপি সদস্যকে ৯৪৫ মিটার খননের জন্য কার্যাদেশ দেওয়া হয়। খননকাজের নকশা অনুযায়ী নিচের অংশে স্থানবিশেষ ১০৩-১৩০ ফুট ও ওপরের অংশে প্রস্থ ১৪৮-২০৩ ফুট এবং গভীরতা হবে ১০-১৪ ফুট।
চলতি অর্থবছরে (২০১৩-১৪) প্রথম পর্যায়ে খননের মাধ্যমে নিচের অংশে ৩৩ ফুট ও ওপরের অংশে প্রস্থ ৪৯ ফুট এবং গভীরতা সাড়ে ছয় ফুট করা হচ্ছে। দরপত্রের শর্তানুসারে খননের মাধ্যমে তোলা মাটি নদ থেকে ১৭০ ফুট দূরে ফেলার কথা। কিন্তু ঠিকাদারের লোকজন নদের মধ্যেই মাটি স্তূপ করে রাখছেন।
গত শুক্রবার সরেজমিনে তালা উপজেলার মাগুরা, বারুইপাড়া ও চরগ্রামে গিয়ে দেখা যায়, কপোতাক্ষ নদের এক পাশে এক্সকাভেটর (খননযন্ত্র) দিয়ে মাটি কাটা হচ্ছে। নিচের অংশের মাটি কেটে প্রস্থ ২০-২৫ ফুট এবং ওপরের অংশে প্রস্থ ৩০ থেকে ৩৫ ফুট ও গভীরতা আড়াই থেকে তিন ফুট করা হচ্ছে। খননের পর মাটি নদের ভেতরেই স্তূপ করে রাখা হচ্ছে।
ঠিকাদারের পক্ষে কাজ তদারকির দায়িত্বে থাকা রফিকুল ইসলাম, কাজী সাহেদুর রহমান ও জামানুল হক দাবি করেন, নকশা অনুযায়ী কাজ করা হচ্ছে। কিন্তু তাঁদের ওই দাবি নাকচ করে দিয়ে কেন্দ্রীয় (সাতক্ষীরা) পানি কমিটির সভাপতি শফিকুল ইসলাম জানান, যেভাবে দায়সারাভাবে কাজ হচ্ছে তাতে সরকারের পরিকল্পনা ভেস্তে যাবে। যশোরের এমএসসি-একেএ ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক শামিম চাকলাদার দাবি করেন, নদের দুই পাশে ধানখেত থাকায় মাটি নদেই স্তূপ করে রাখা হচ্ছে। পাউবোর যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান বলেন, জলাবদ্ধতার কবলে পড়ে স্থানীয় লোকজন যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য চলতি মৌসুমে স্বল্প পরিসরে নদ খনন করা হচ্ছে। পরের বছরে বৃহৎ পরিসরে খনন করা হবে। তবে এখন খননের মাধ্যমে তোলা মাটি নদের ভেতরে রাখা যাবে না। দূরে মাটি ফেলতে হবে। ঠিকাদারেরা তাঁকে মাটি দ্রুত সরিয়ে ফেলার কথা বলেছেন।