বর্ষার আগে শুরু করা যাচ্ছে না কপোতাক্ষ নদের পুনঃখননকাজ। নানা জটিলতায় আটকে আছে কপোতাক্ষ অববাহিকার এক লাখ হেক্টর জমির জলাবদ্ধতা দূর করার এই প্রকল্পটি। শুষ্ক মৌসুম প্রায় শেষ হয়ে এলেও কর্তৃপক্ষের খামখেয়ালির কারণে এ বছরও জলাবদ্ধ হয়ে পড়ার আশঙ্কা করছে কপোতাক্ষ-তীরবর্তী পাঁচ জেলার ১৩টি উপজেলার প্রায় ২০ লাখ মানুষ। আজ বৃহস্পতিবার প্রি-একনেক বৈঠকে কপোতাক্ষ নদ পুনঃখনন প্রকল্প অনুমোদনের জন্য উত্থাপনের কথা। ক্ষমতায় আসার পর বর্তমান সরকারের একাধিক মন্ত্রী জলাবদ্ধতা নিরসনের ঘোষণা দিয়েছিলেন। তাঁরা বলেছিলেন, কপোতাক্ষ তীরের এক লাখ দুই হাজার হেক্টর জমি চাষের উপযোগী করা হবে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ২০০৯ সালের এক সমীক্ষায় বলা হয়, এই অঞ্চলের জলাবদ্ধতা দূর করা গেলে অতিরিক্ত এক লাখ ৯০ হাজার ২৭৮ মেট্রিক টন ধান উৎপাদন হবে। সেই লক্ষ্যে ২০১০-১১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়।সূত্র জানায়, জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প-১ তৈরি করে পরিকল্পনা মন্ত্রণালয়ে জমা দেওয়ার পাঁচ মাস চলে গেলেও এখন পর্যন্ত ওই প্রকল্প পর্যালোচনাধীন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পানি বিশেষজ্ঞ আইনুন নিশাত এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ প্রায় এক যুগ ধরে কপোতাক্ষ ও ভবদহের জলাবদ্ধতার কবলে পড়েছে। সরকারের উচিত বর্ষা শুরু হওয়ার আগে এ ব্যাপারে জরুরি ভিত্তিতে কার্যক্রম শুরু করা। জলাবদ্ধতা বাড়ছেদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মেহেরপুর, চুয়াডাঙ্গা, খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলার এক লাখ দুই হাজার হেক্টর জমি এখন জলাবদ্ধতার হুমকির মুখে। বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে খুলনার পাইকগাছা; সাতক্ষীরার তালা ও কলারোয়া; যশোরের শার্শা, কেশবপুর, মনিরামপুর, ঝিকড়গাছা ও চৌগাছা; ঝিনাইদহ জেলার মহেশপুর ও কোটচাঁদপুর, চুয়াডাঙ্গার সদর এবং মেহেরপুরের গাংনি উপজেলার জলাবদ্ধতা দূর হওয়ার কথা। পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক হাবিবুর রহমানের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, চলতি শুষ্ক মৌসুমে প্রকল্পটি একনেকে জমা দেওয়া হয়েছে। ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) ও সেন্টার ফর এনভায়রমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, কপোতাক্ষের ২৪০ কিলোমিটার আয়তনের মধ্যে ৯০ কিলোমিটার অংশে অতিরিক্ত পলি জমা হয়। নদী নিয়মিত খনন না হওয়ায় এই অংশটি নদীর বুকে উঁচু হয়ে গেছে। ফলে বর্ষার পানি নদী ধারণ করতে পারায় তা পার্শ্ববর্তী জমি ও জনবসতিতে গিয়ে জমা হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার শস্য উৎপাদন দেড়শ গুণ বাড়বে বলে গবেষণা প্রতিবেদনে বলা হয়। এদিকে, পরিকল্পনা বিভাগের সচিব মনজুর হোসেন প্রথম আলোকে জানিয়েছেন, আজ বৃহস্পতিবারের সভায় প্রকল্প অনুমোদন হলে পরে তা মন্ত্রণালয় হয়ে আবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) উঠবে। একনেক অনুমোদন দিলে চূড়ান্ত কার্যক্রম শুরু করা যাবে। সূত্রমতে, বর্ষা মৌসুমের আগে এই প্রকল্পের কাজ শুরুর কোনো সম্ভাবনা নেই।