কপোতাক্ষ নদে আ.লীগ নেতার পুকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সতত হে নদ তুমি পড়ো মোর মনে/সতত তোমার কথা ভাবি এ বিরলে’ লাইন দুটি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের অমর কবিতা ‘কপোতাক্ষ নদ’ থেকে নেওয়া। মহাকবির স্মৃতিবিজড়িত সেই কপোতাক্ষ নদ এখন দখলদারের দখলে। নদের একটি অংশ অবৈধভাবে দখল করে তার মাঝে পুকুর করেছেন স্থানীয় এক আওয়ামী লীগের নেতা, তাও সরকারি টাকায়। ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার সলেমানপুর নামক স্থানে এই পুকুর কাটানোর ঘটনা ঘটেছে। জানা গেছে, সরকারের কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের দুই লাখ ৪০ হাজার টাকায় পুকুরটি কাটিয়েছেন কোটচাঁদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সদস্য ফজলুর রহমান। সেখানে তিনি মাছের চাষ করবেন বলে এলাকাবাসী জানিয়েছেন। অবশ্য ফজলুর রহমান দাবি করেছেন, লোকজনের গোসলের ব্যবস্থা করতেই তাঁর এই পুকুর। সরেজমিনে খোঁজ নিয়ে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, কোটচাঁদপুরের মাঝ দিয়ে বয়ে গেছে কপোতাক্ষ নদ। পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধ্যে সলেমানপুর গ্রামে পুকুরটি কাটা হয়েছে। যে স্থানে পুকুরটি করা হয়েছে সেটি সাহেববাড়ির ঘাট বলে পরিচিত। পার্শ্ববর্তী কয়েকটি পাড়ার মানুষ এখানে গোসল করতেন, যে কারণে ১০-১২ বছর আগে পৌরসভার সাবেক মেয়র সিরাজুল হক ওই স্থানে একটি সিঁড়ি তৈরি করে দেন। নদের মাঝ বরাবর পুকুর খননের কারণে বর্ষায় নদের পানিপ্রবাহ বাধাগ্রস্ত হবে।নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক বাসিন্দা জানান, পুকুর কাটার জন্য কাবিটা প্রকল্পের প্রায় আড়াই লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়, যার প্রকল্প সভাপতি ফজলুর রহমান। সলেমানপুর পালপাড়ার বাসিন্দা সরলা হালদার জানান, পুকুরের স্থানে আগে তাঁরা গোসল করতেন। সে সময় কপোতাক্ষ নদে স্রোত ছিল। এখন পাড় বেঁধে জলাবদ্ধ করে দেওয়ায় সেখানে আর গোসল করতে পারছেন না। মাটি কেটে পুকুরটি গভীর করা হয়নি। একই পাড়ার অধির পালের স্ত্রী অঞ্জলী পাল জানান, তাঁরা এখন দূরে গোসল করতে যান। পুকুরের বাইরে নদের পানি থাকলেও সেখানে গোসলের পরিবেশ নেই। আর পুকুরের মধ্যে রয়েছে পৌরসভার নর্দমা, যে নর্দমা দিয়ে পৌর এলাকার একটি বৃহৎ অংশের ময়লা-আবর্জনা নদে গিয়ে পড়ত, এখন সেটা পড়ছে পুকুরে।পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হোসেন আলী জানান, সরকারি টাকায় তাঁর ওয়ার্ডে নদের জায়গায় পুকুর কাটা হলো, অথচ তিনি কিছুই জানেন না। কাবিটা প্রকল্পের সভাপতি ও আওয়ামী লীগের নেতা ফজলুর রহমান দাবি করেন, তিনি এলাকার মানুষের প্রয়োজনে পুকুর কেটেছেন। নদের সমস্যা হলে পুকুরের পাড় কেটে দেবেন তিনি। কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত কুমার সিকদার জানান, প্রকল্পটি স্থানীয় সাংসদের বরাদ্দ থেকে এসেছে। মানুষের গোসলের স্বার্থে পুকুরটি কাটা হচ্ছে বলে তিনি শুনেছেন। এভাবে নদ-নদীর মধ্যে পুকুর কাটতে সরকারি বরাদ্দ দেওয়ার সুযোগ আছে কি না জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।